বাংলাভাষা একাকী কাঁদছে
রান্নার ঝাঁজারির মধ্যে আমাদের বাংলাভাষা
বাংলাভাষা বিদুৎ পায় না, আলো পায় না
গরাদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে !
মাথা ও ডানা ঈগল পাখির মতো
দেহ সিংহের মতো
এরকম জন্তুর খপ্পড়ে পড়ে বাংলাভাষা কাতরাচ্ছে !
বাংলাভাষাকে আঁচড় দেওয়া হচ্ছে --
তীব্রব্যথা নিয়ে দুর্দশার মধ্যে আমাদের রাষ্ট্রভাষা !
আমাদের সরকারি ভাষা!
বাংলাভাষা কাকে আঁকড়ে ধরবে?
রাষ্ট্রকে? সরকারকে? রাজনৈতিক নেতাকে?
সাংস্কৃতিক কর্মীকে? লেখককে?
মনে হচ্ছে -- কেউ নেই!
প্রচণ্ড দুঃখ, তীব্র শোক ও মর্মপীড়া নিয়ে
বাংলাভাষা একাকী কাঁদছে !
বাংলাভাষা কি চূর্ণযোগ্য -- গুড়ো হয়ে পড়বে ?
অকুলীনের ভাষা
অকুলীনের সম্পদ হয়ে দাঁড়াচ্ছে বাংলাভাষা
যারফলে সে হয়ে উঠছে দিন দিন একঘরে
তাকে নিয়ে সমভিব্যারে নেই কারা ?
যারা শুধু নিজের ও তাদের নেউটিয়া ইঁদুরের
বিস্তারের কথা ভাবতে ভাবতে কৌম তৈরী করে নেয় !
আমরাও যারা ব্রাত্য -- সংখ্যাগরিষ্ঠ হয়ে আছি,
মাছি তাড়ানোর শক্তি নেই আমাদের ?
প্রতিকূলতা ও বিচু্য্যতি উজিয়ে যাই
আমাদের অনুকূল পরিবৃত্তি আছে,
গণীভূত হলে -- কে কুলচূ্য্যত করে
ভাষা ও আমাকে ?
মাতৃভাষা
বাংলাভাষার সঙ্গে গা-ঘষাঘষি হলেই
কেউ কেউ ভাবে ধুলো লাগবে, কাদা লাগবে
মাতৃভাষা এতটা অচ্ছুৎ?
বাংলাভাষা কি অপভাষা বা বিভাষা ?
তার প্রত্নতত্ত্ব নেই, শক্ত ভিত নেই ?
বাংলাভাষার কোনো সাধুসঙ্গ নেই --
তার সংসর্গে ছোটাছুটি করেনা শিশুরা
স্বপ্নের বুনন তৈরি করেনা এ ভাষা ?
প্রজাতির বিলুপ্তকরণ প্রক্রিয়ায়
বিভেদ পন্থায়,
জন্মের মতন ছাড়াছাড়ি কিংবা আড়াআড়ি করে
কোন্ অমাত্যরা ?
দুদিনের কৃত্রিম আভিজাত্যে
সহজাত ভাষাকে ঠেলে দিচ্ছি
ড্রাগনের মুখে !
কোন্ আত্মসুখে ?
বাংলা বর্ণমালা
বাংলা বর্ণমালা ! তোমার কষ্টের জ্বালা আমরা বুঝি
খুঁজি তোমার সৌন্দর্য -- অন্যদের যতই থাকুক হেলাফেলা
শেষ করা যায়নি তোমার দিগন্তপ্রসারী বেলা !
হাতে বোনা অক্ষর সাজানো থেকে নিয়ে
যাই কম্পিউটার কম্পোজে --
সেখানেও তুমি স্বচ্ছন্দ ও উজ্জ্বল
মুদ্রণের লোকেরা তোমাকে খোঁজে ।
গ্যালিপ্রুফ থেকে এখন লেজারপ্রিন্টে প্রুফ নিয়ে দেখি
এইখানে বেমানান নও
তুমি জন্ম থেকেই ঝড়ঝাপটা সও,
কম্পিউটারে তোমার বর্ণমালায় লেখি ।
গ্রহণক্ষমতা মুগ্ধ করে --
গরীব ও অসহায় ভেবে কে আংটা দিয়ে ধরে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


