শাহবাগ এখন মুক্তিযুদ্ধের মূল উৎস থেকে উৎসারিত
অগ্নিশুদ্ধ এক জলধারা
যেখানে অবগাহন করে শিশু থেকে
সব বয়সের মানুষেরা।
তারা সেইসব মানুষ, যারা
পোশাকী ও সংকীর্ণ রাজনৈতিক কৌশলের কাছে
কৌটোবদ্ধ রাখতে চায় না মুক্তিযুদ্ধকে
আর সহ্য করতে চায় না মুক্তিযুদ্ধের কোনো অপমান
কণ্ঠে কণ্ঠে তাই উচ্চকিত সমস্বরে নবগান,
শহীদের রক্তস্পর্শ নিয়ে
নিজেদের রক্তও শহীদদের মত পবিত্র রাখতে চায়।
যেসব তরুণ নিজেদের জাগিয়ে তুলে
সারাদেশ জাগিয়ে তুলছে
লোভ-স্বার্থ-দোলাচলের ঊর্ধ্বে উঠে
তারা-তো প্রকৃত মুক্তিযোদ্ধার উত্তরসুরি
তারা নয় স্থির পাথরের নুড়ি!
কে বলে আমাদের তরুণরা
মুক্তিযুদ্ধের চেতনা-দর্শন-নৈতিকতা-দায় ও স্বপ্ন থেকে দূরবর্তী !
তারা দূরে নয়--আমরা কেন দূরে থাকবো?
যাই শাহবাগ
নিয়ে ঘৃণা-রাগ,
মনে হয় পৌঁছে যাই একাত্তরের রণাঙ্গন
জেগে থাকি অমানিশা ভেঙে যূথবদ্ধ সারাক্ষণ !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





