মশালের উজ্জ্বলন দেখে
আমি ফুটে উঠি
আমার জলবাতাসের মধ্যে পত্রোল্লাস
মুকুলিত হই!
সূর্যতাপ গিয়েছিল হারিয়ে সেদিন
পেঁজামেঘে - তমসাবৃত সময়ে
মেঘকফ নিয়ে
মৃত্তিকার বৃক্ষহীন দুঃখ
আমার ভেতরে মরুস্থলী হয়ে উঠেছিল,
বহুদিন থাকি জলহীন - অনাবৃষ্টি
সৃষ্টিহীন ধুলো!
হঠাৎ প্রদীপালোক-আকাশদিউটি
উদ্দীপন হয়ে দেখা দিল -
দ্বীপবাসী সপ্তদ্বীপ থেকে ছুটে এলো
ঘৃণা-রাগের সঞ্চয়জাতপর্বতের গুহা থেকে
ত্রসরেণু মেখে -
আমার মতন অনেকেই পা বাড়িয়ে চলে এলো
আলোক-চত্বরে,
কিরণসম্পাত নিয়ে সংবেদনে কী স্ফুটন!
প্রস্তরনির্মিত বহু বছরের অন্ধকার লুপ্ত হলো
তুষারনির্মিত বহু বছরের অস্পষ্টতা লুপ্ত হলো
পিতলনির্মিত বহু বছরের কৃষ্ণতিথি লুপ্ত হলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




