মেলি ডানা উড়ি আকাশে বেভুলা আজি মন,
বাসন্তী রঙে একাকার হলো কচি পাতার রঙ।
ঋতুরাজের আগমনে অনিন্দিতা বসুধা,
নতুন পাতার গাউন পরে চঞ্চল হলো পা।
নেইকো বাঁধা পাখি হতে কিংবা প্রজাপতি,
রঙ ছড়িয়ে গেল মনে সবুজে মেলাই শ্রুতি।
হবোনাকো কনীয়সী হলুদ নেবনা গায়,
মুক্ত আমি মন বাগিচা্য় বলো কিসের ভয়?
বাড়ন্তী মন বাড়ন্তী আশা হবো উর্বশী।
গ্যাঁদা ফুলের হলদে রঙে আমি নবশশী।
কচি পাতার রঙ লেগেছে আমার সারা গায়ে,
ওড়নাটি তাই উড়তে যে চায় দক্ষিণা সু- বায়ে।
ভাবিনিতো কোনদিন গভীর হবে চোখ,
হাজার চোখ দেখবে আমায় দেখবে অপলক।
কে জানি হায় গান গেয়ে যায় আমার বাহু ঘেঁসে,
কারোর পানে চাইতে মানা, তবু - মন থাকেনা বসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




