বঙ্গোপসাগরের ৩টি গ্যাসব্লক দেশবিরোধী চুক্তির আওতায় বিদেশী কোম্পানীর কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির পেট্রো বাংলা ঘেরাও কর্মসূচীতে পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ। এ হামলার মাধ্যমে সরকার প্রমাণ করেছে সাম্রাজ্যবাদ-সম্প্রসারণবাদী নীলনকশা বাস্তবায়নে তারা কতটা মরিয়া।
দেশবাসী, আমরা নির্বাচনের পূর্বেই বলেছিলাম, এই নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার নির্বাচিত হতে যাচ্ছে যারা সাম্রাজ্যবাদী-সম্প্রসারণবাদী নীলনকশা বাস্তবায়নের ঠিকাদার হিসেবে অধিষ্ঠিত হবে। সে কথারই সঠিকতার প্রমাণ রেখে সরকার দেশের তেল-গ্যাস-কয়লা বিদেশী কোম্পানী তথা সাম্রাজ্যবাদের হাতে তুলে দেবার কাজ সুচারু রূপে পালনের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। এর পূর্বেও এশিয়ান হাইওয়ের নামে ভারতকে ট্রানিজট প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। টিপাইমুখ বাঁধের বিরোধীতা না করে বরং ভারতীয় সরকারের সাথে গলা মিলিয়ে একই গান গাইছে এবং আন্দোলনকারীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে।
বন্ধুগণ, জ্বালানী খাতে সাম্রাজ্যবাদী-সম্প্রসারণবাদী নীলনকশা বাস্তবায়িত হলে তার পরিণাম কি হবে তা নাইজেরিয়া দেখেছে। তাই এই চক্রান্ত রুখে দাঁড়াতে সম্পদ রক্ষার আন্দোলনকে বেগবান করতে হবে। সর্বদা মনে রাখতে হবে, আমাদের সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে। কমিশনভোগী বুর্জোয়া রাজনৈতিক দলগুলো কখনই জাতীয় সম্পদ রক্ষার্থে এগিয়ে আসবে না। বরং তারা কমিশনের বিনিময়ে যেকোন জাতীয় স্বার্থ বলি দিতে প্রস্তুত। এই নতজানু সরকার ও বুর্জোয়া শ্রেণী কখনই জনগণের সম্পদ রক্ষা করতে পারবেনা। তাই তাদের লেজুড় পরিহার করে জনগণের রাজনৈতিক শক্তি গড়ে তুলুন। আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে সম্পদ রক্ষার আন্দোলন বেগবান করুন।
আহ্বায়ক
জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




