সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাঁর দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা যদি কোনো হস্তক্ষেপ করে, তাহলে ওই অঞ্চলে ‘ভূমিকম্প’ হয়ে যাবে। তাঁর শাসনের বিরুদ্ধে আন্দোলনে গত দুই দিনে প্রায় ১০০ জন নিহত হওয়ার পর আসাদ এই হুঁশিয়ারি দিলেন।
যুক্তরাজ্যের সানডে টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ বলেন, লিবিয়ার মতো সিরিয়ায় যদি বাইরের কোনো শক্তি হস্তক্ষেপ করে, তাহলে আরেকটি আফগানিস্তানের সৃষ্টি হবে। তিনি বলেন, ‘মিসর, তিউনিসিয়া বা ইয়েমেন থেকে সব দিক দিয়ে সিরিয়া ভিন্ন। ইতিহাস ভিন্ন; ভিন্ন এখানকার রাজনীতি।’
আসাদ বলেন, ‘সিরিয়া এ অঞ্চলের কেন্দ্রস্থল। এটা ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে কেউ খেলতে চাইলে ভূমিকম্প সৃষ্টি করবেন। আপনারা কি আরেকটি আফগানিস্তান দেখতে চান বা দশটি আফগানিস্তান।’
সিরিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘সিরিয়ায় কোনো সমস্যা সৃষ্টি হলে তা পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে। সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা করা হলে তাতে পুরো অঞ্চলটিই বিভক্ত হয়ে যাবে।’
গত শনিবার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরে সংঘর্ষে ২০ সেনাসদস্য নিহত ও আরও ৫৩ জন আহত হওয়ার এক দিন পর বাশার এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া সদস্যদের সঙ্গেই সেনাসদস্যদের ওই সংঘর্ষ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া একই দিনে নিরাপত্তা বাহিনীর ১০ এজেন্ট ও সেনাবাহিনী ছেড়ে আসা এক ব্যক্তি নিহত হয় পৃথক একটি গুপ্ত হামলায়।
এর আগে গত শুক্রবার সিরিয়ায় লিবিয়ার মতো নো-ফ্লাই জোন আরোপের দাবিতে বিক্ষোভ করে লোকজন। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৩৬ জন। ওই রাতে হোমস শহরে নিরাপত্তা বাহিনীর ফাঁড়িতে সেনাবাহিনী ত্যাগ করে আসা বিদ্রোহীদের হামলায় নিহত হয় ১৭ সেনাসদস্য।
গত মার্চের পর থেকে আসাদবিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল হয়ে উঠেছে হোমস ও হামা প্রদেশ। তবে বিক্ষোভকারীদের ওপর সরকার বাহিনী চরম দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের হিসাবমতে, নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন।
নির্ভরযোগ্য আরব সূত্রের বরাত দিয়ে আল-কাবাস পত্রিকা জানায়, আরব লিগের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল আসাদকে জানিয়েছে, আরব দেশগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সমস্যার যদি সমাধান করতে না পারে, তাহলে বিষয়টি তখন ‘আন্তর্জাতিক সমস্যা’ হিসেবে অভিহিত হবে।
পত্রিকাটি লিখেছে, সিরীয় নেতাদের সঙ্গে আলোচনায় আরব প্রতিনিধিদল খোলামেলা ও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, আরব দেশগুলো সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার মানে দাঁড়াবে সিরিয়া বাইরের হস্তক্ষেপ প্রত্যাশা করছে। এএফপি, রয়টার্স।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


