সূর্যের দিকে না তাকালেও
ছায়ায় তার অস্তিত্ব ধরা পড়ে।
তোমার অনস্তিত্বই অস্তিত্বের বড় প্রমাণ।
কেননা-
তুমি আজ নক্ষত্র হয়ে গেছ।
মনে আছে, তুমি বলতে,
আমাদের বাড়ি যদি পাশাপাশি হত !
আজ আমার বাড়ি
তোমার বাড়ির পাশেই।
আমার ছাদের কার্নিশ থেকে
কবরস্থানটুকু বেশ দেখা যায়।
চিরটাকাল আমি ছিলাম
নীড়ফেরা পাখিদের দলে।
সেই পুলক, এখন আর জাগে না।
গভীর রাতে
নিকোটিনে সংকুচিত রক্তবাহিকা
ফিসফিসিয়ে এলোমেলো রূপকথা শোনায়।
দূরে কারো খোলা জানালা হয়ে
ভেসে আসে সুর- এখন অনেক রাত...
সন্তর্পনে দরজা খুলে দেখি-
কুৎসিত কলহে মেতেছে
পথ কুকুরের দল।
প্রায় রাতের মতই।
দেখি, রিকশার হুড ফেলে
বাড়ি ফিরছে মুখচেনা মেয়েটি।
ইচ্ছে হয়-
গোরস্থানের পাচিলের এপাশ হতে ডেকে উঠি,
আরিফ ! আরিফ !
গোরস্থানের কাছে আমার যাওয়া হয়না।
পাছে সে উঠে এসে বলে
এতদিনে এলে.. ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


