.......দেশের অতি গুরুত্বপূর্ণ কোনো এক সরকারি কর্মকর্তার রুমের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমি।
আমার হাতে ফাইল আর পকেটে ঘুষের টাকা।
কর্মকর্তার পিয়ন ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন না আমায়। কারন, স্যার 'জোহরের নামাজ' আদায় করছেন। এই সময় বিরক্ত করা নিষেধ।
পিয়নের কথা বিশ্বাস হলো না আমার- একজন জাত ঘুষখোর আর যাই করুক, অন্তত নামজ পড়তে পারে না। তাই, অবিশ্বাসি মন নিয়ে দরজার ফাঁক দিয়ে চোখ রাখলাম আমি।
ঘটনা সত্য, ছার নামাজ পড়ছেন। তার মাথায় ধবধবে সাদা টুপি। অত্যন্ত মনযোগের সহিত নামাজ পড়ছেন তিনি।
দরজার ফাঁকে চোখ লাগিয়ে রেখেছি আমি। এই শালাকে টাকা দেই নি বলে তিন দিন ধরে আমার ফাইলটি স্বাক্ষরিত হয় নি।
পিয়ন পিছন থেকে টেনে ধরে বললেন," আরে কি করতাছেন কি করতাছেন, ছার দেকলে মাইন করবো, ছার অত্যাদিক পরেজগার মানুস। এইবার হ্জ্ব কইরা আইছেন। এক ওয়াক্ত নামাজও কাজা করেন না। আসেন এই দিক সইরা আসেন।"
আমি হাসলাম।
আমার হাসি দেখে পিয়ন সাহেব তেলেবেগুনে জ্বলে উঠলেন, " আরে মিয়া হাসতাছেন ক্যান? আমি কি হাসির কিছু কইছি? যত্তসব ছাগ-পাগল। কইত্তে আইয়েন আপনে রা?"
পিয়ন সাহেবের ধমক খেয়ে হাসি বন্ধ হয়ে গেল আমার।
অনুনয় করে বললাম, "ছারের নামাজ পড়া বোধ হয় শেষ, ছারকে একটু বলেন আমি আসছি।"
" আপনে কি মন্ত্রী মিনিস্টার?"
"আরে নাহ, তা হবো কেন? আমাকে দেখে তাই মনে হয় নাকি?"
"তাইলে এত অস্তির হইছেন ক্যান, নামাজ শেষে ছার খাইবো তারপর হালকা বিশ্রাম নিবো- এর মইধ্যে কোনো কথা নাই। যান ঘুইরা ঘাইরা আসেন।"
"ভাই দেখেন না একটু, আপনি চাইলেই হয়।"
উপায় না দেখে পকেট থেকে পঞ্চাশ টাকার একটা নোট বের করে পিয়ন সাহেবের হাতে দিলাম।
মনে হলো রোবটের সুইচ দেয়া হয়েছে।
পিয়ন সাহেব সোজা ছারের রুমে ঢুকে অনুমতি নিয়ে এলেন।
আমি ভিতরে ঢুকে ফাইলটা টেবিলের উপর রাখলাম। কর্মকর্তা আমার দিকে না তাকিয়ে ফাইল নেড়ে-ছেড়ে বললেন, "দোয়া-খায়ের আনছেন?"
দোয়া-খায়েরের তরজমা বুঝতে না পেরে আমি আমতা আমতা করতে লাগলাম।
কর্মকর্তা ধমক দিয়ে বললেন, " আরে মিয়া চান্দের দেশে জন্ম নি আমনার, দোয়া-খায়ের বুঝেন না?"
"জি না, আসলে আমি বুঝতে পারছি না।"
" আরে মিয়া টাকা-পয়সা নিয়া আসছেন কি-না তাই কন।"
"জি আনছি।" বলে পকেট থেকে কথিত দোয়া-খায়ের বের করে কর্মকর্তার হতে দিলাম।
দীর্ঘ জার্নি শেষে আমার ফাইলখানা স্বাক্ষরিত হলো।
কর্মকর্তার রুম থেকে বের হবার সময় মন চাচ্ছিল, পিছন ফিরে শালাকে কানের নিছে কইষা দুই বন মাইরা বলি, আরে গর্দভ আমার জন্ম চান্দের দেশে না- আর তুই যেটাকে দোয়া-খায়ের বলিস, ঐটা দোয়া-খায়ের না, ঐটা হনুমানের বিষ্টা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


