বিকেলে যমুনা ফিউচার পার্কের ভেতর "ফিউচার ওয়ার্ল্ড" এ খেলতে খেলতে ছেলে একসময় আমাকে ডাকতে লাগলো, "দাদি দাদি, এই দাদি?"
ছেলের মায়ের মুখের দিকে তাকিয়ে ভ্রু কুচকালাম। ঘটনা কি? "বাবা" ডাক রেখে হঠাৎ ছেলে আমাকে "দাদি" ডাকছে কেন?
বললাম, "বাবা, আমি তোমার বাবা। দাদি নয়। দাদি বাসায়।"
ছেলে আমার কথায় কর্ণপাত না করে আমার আঙুল ধরে টেনে বললো, "দাদি, আমি ওটা খেলবো দাদি.....।"
ছেলের মা ও আমি চরম দুশ্চিন্তায় পড়ে গেলাম।
অবশেষে অনুসন্ধান করে আবিষ্কার করলাম, এই দাদি সেই দাদি নয়। এই দাদি মানে দ্যাদি। সঠিক উচ্চারণ "ড্যাডি"।
আশপাশের কোন বাচ্চাকে সে ফলো করেছে যে কি-না তার বাবাকে "ড্যাডি" বলে ডাকছে।
দারুণভাবে অবাক হলাম। ছেলের অনুসরণ করার ক্ষমতা প্রখর এটা আগেই জানতাম। কিন্তু এতটা প্রখর তা জানা ছিল না।
এক মাকে দেখলাম, তার ফুটফুটে সুন্দর মেয়েটিকে বাংলা ইংরেজি মিলিয়ে বলছে, "ওহ বেবি নো.... কোন কটাই শোন না, তুমি একদম 'নটি' হয়ে গেছো!"
বেবি আবার চিৎকার করে বলছে, "ওহ মম নো....... ইউ 'নটি' ইউ 'নটি'......."
আমি ছেলের কান চেপে ধরলাম, শেষে না সে লোক-সমাজে তার মাকে 'নটি' বলা শুরু করে দেয়! 'নটি' মানে যে 'দুষ্টু' এ কথা তো আর সে বুঝবে না!
ছেলেকে বগলদাবা করে ছেলের মাকে বললাম, "চলো বের হয়ে যাই। অবস্থা বেগতিক।"
কিছু কিছু মাম্মি ড্যাডিকে দেখলাম তাদের ছেলে-মেয়েদের সাথে অনর্গল ইংরেজিতে কথা বলে যাচ্ছেন।..... আপনার বাচ্চা ইংরেজি মাধ্যমে পড়ে তাতে কোন সমস্যা নেই। কিন্তু আপনার শিশু সন্তানের সাথে স্বাভাবিক কথাবার্তগুলো তো বাংলাতেই বলতে পারেন। বাংলাটাকে সে একটু বুঝুক একটু জানুক।
একবার টিভিতে দেখানো এক প্রতিবেদনে দেখলাম ও-লেভেল এ-লেভেল পড়ুয়া বেশির ভাগ ছেলে-মেয়ে "মাতৃভাষা" শব্দটি লিখতে পারছে না। আরো লজ্জার বিষয় হলো তারা "মাতৃভাষা" কে উচ্চারণ করছে "মাটরিভাশা" আরেকটু হলেই যা হয়ে যেত "মাকড়োসা!"
চীনে যাবার পর মেট্রো-রেল এ এক চৈনিক মায়ের সাথে আমার পরিচয় হয়েছিল। সাথে তার বছর ছয়েকের ফুটফুটে একটি ছেলে রয়েছে। ভদ্র মহিলা হল্যান্ড এর একটি বিখ্যাত ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন। বর্তমানে তিনি স্বামী সন্তান নিয়ে নিউজিল্যান্ড এ স্থায়ীভাবে বসবাস করছেন।
তার ছেলেটি সেখানকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ছে। মা-ছেলে মিলে অনর্গল চাইনিজ ভাষায় কথা বলে যাচ্ছেন। আমার সাথে দুজনই সুন্দর ইংরেজি ভাষায় কথা বললেও নিজেদের ভেতর কথা বলার সময় একটি ইংরেজি শব্দও ব্যবহার করতে শুনি নি আমি।
মাম্মি ডেড-ই দের বলবো "আঁধার রাইতে আশমান জমিন ফারাক কইরা থোও / বোনধু কত ঘুমাইবা।
বাঁয়ে বিবি ডাইনে পোলা আকাল ফসল রোও / মিয়া কত ঘুমাইবা.....।
আপনার সন্তানকে শুধু ইংরেজি শেখানোটাই আপনার কাজ নয়। নিজস্ব ভাষা, সংস্কৃতি, সমাজ ও সামাজিকতা শেখানোও আপনাদের গুরু দায়িত্ব।
কবি গুরুর কথাটি তো আপনাদের জানা থাকার কথা, "আগে চাই বাংলাভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্তন।"
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





