ছোটবেলায় ক্লাসে যাবার সময় বাসা থেকে আমাকে ৭ টাকা দেওয়া হতো। একটা পাঁচ টাকা আর একটা দুই টাকার নোট। পাঁচ টাকা আসা যাওয়ার ভাড়া আর দুই টাকা টিফিনের জন্য। সেই সময় দুই টাকায় বাটারবন, সিঙ্গারা, ক্রিম রোল পাওয়া যেত।
প্রতিদিন টিফিন হিসেবে এই তিনটির যে কোন একটি বেছে নিতে হতো।
প্রায়ই মনে হতো, ইস্ বাসা থেকে যদি আর তিনটা টাকা বাড়িয়ে দশটা টাকা পুরো করে দিতো, তবে মাঝে মধ্যে একটু ভালো নাস্তা করতে পারতাম।
একদিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এমন সময় একটি ছেলে আমার পাশে এসে দাঁড়ালো। ছেলেটির নাম রফিক। আমাদের গলিতে থাকে। বাস আসা অবধি কথা বললাম দুজনে।
স্ট্যান্ডে বাস চলে আসার পর বললাম, "চলো উঠি।"
রফিক বলল, "তুমি যাও। আমার ক্লাসের দেরি আছে। আমি পায়ে হেঁটে চলে যাবো।"
একদিন জানতে পারলাম, যে কাজটি আমি মাঝে মধ্যে করি(এক টাকা বাস ভাড়া বাঁচানোর জন্য মালিবাগ পর্যন্ত হেঁটে যাওয়া) সে কাজটি রফিক প্রতিদিন করে। রামপুরা থেকে মালিবাগ পর্যন্ত পায়ে হেঁটে যায় সে। তারপর মালিবাগ থেকে মতিঝিলের গাড়িতে উঠে।
বাসা থেকে আমার চে' দুই টাকা কম দেওয়া হয় তাকে। আমি সাত টাকা পেলেও সে পায় ৫ টাকা।
এরপর মাঝে মধ্যে আমার টাকায় ভাড়া দিয়ে রফিককে বাসে করে মালিবাগ নিয়ে যেতাম। যেদিন তাকে নিতাম সেদিন আর আমার টিফিন খাওয়া হতো না।
রফিকের বিষয়টি জানার পর আর কখনো মনে হয়নি, ইস্ যদি আর দুইটা টাকা আমাকে বাড়িয়ে দিতো! মনে হয়েছে, মহান আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। এই শহরে আমার চেয়েও খারাপ আছে কেউ কেউ....।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৬ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



