এই যে আমার প্রাণের স্বদেশ লাল সবুজের দেশটা
বিজয় দিবস রেশটা
টকটকে লাল সূর্যে ঘেরা ডিসেম্বরের শেষটা।
এই যে সোনার স্বপ্নে আঁকা ঠান্ডা শীতল পাটিতে
বাংলা মায়ের ঘাঁটিতে
খেলার মাঠে নয়ন জুড়ায় নরম কাদা মাটিতে।
এই যে দেখো করছে সবাই লাল সবুজের গর্ব
নানান রকম দর্প
জানো কী ভাই এসব পেতে কত জীবন খর্ব?
মরলো শিশু লক্ষ যিশু দিনে রাতে ধর্ষণে
মেশিনগানের বর্ষণে
আকাশ জুড়ে বিজলি ছিলো গোলাবারুদের ঘর্ষণে।
লাল রঙের রক্ত নদী পাক বাহিনীর সংক্রমে
স্বপ্ন আশায় নয় ভ্রমে
ত্রিশ লাখের রক্তে ভেজা দুই লাখের সম্ভ্রমে।
সকল বাধার দেয়াল ভেঙে কাঁধে রেখে হাত
ধ্বংস করে ফাঁদ
আমরা পেলাম স্বাধীনতার অমৃত এক স্বাদ।
আমার যত ভালোবাসা রাগে অনুরাগে
দেশটি সবার আগে
মাগো আমার যুদ্ধে যেতে এখনো স্বাদ জাগে।
১৬/১২/২০১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

