তোমার মুখের একটু হাসি চাঁদের দামে কিনবো,
বললে তুমি বনে তোমায় দু’চোখ বেঁধে খুঁজবো,
তোমার চোখের জল শুকাতে সূর্যটাকে বাঁধবো,
চাইলে তুমি সকল কালো কুৎসিতে রঙ মাখবো।
তোমার চলায় পড়লে বাঁধা অথৈ সাগর সেচবো,
একটু খুশি করতে তোমায় জ্যোৎস্না ঘরে পুষবো,
তোমার মনের ভয় সরাতে রাতের আঁধার মুছবো,
তোমার চোখের এক ইশারায় কাব্য গোটা বুঝবো।
তোমার কথায় একটানা পথ একুশ বছর হাঁটবো,
চেয়েই দেখো দূর হিমালয় উঠোন জুড়ে রাখবো,
কাকের গলায় নিয়ম করে তোমার হাসি জুড়বো,
তোমার আশায় এক নিমিষে সব অপরাধ রুখবো।
নিজের চেয়ে অনেক বেশি ভালো তোমায় বাসবো,
নীল আকাশে জলের ছাপায় তোমার ছবি আঁকবো,
সাতশো কোটি জীবন বাজী তোমার কথায় রাখবো,
পাইতে তোমায় জগত জুড়ে পুরুষ একাই থাকবো।
পঁচিশ হাজার প্রেমের গীতি তোমায় নিয়ে লিখবো,
তোমার পাওয়ায় গভীর ঘুমেও খলবলিয়ে হাসবো,
কিন্তু যদি ঠকাও আমায় ভাবছো তোমায় ছাড়বো?
লাথির জোরে তোমার মাথা হাজার ভাগে ভাঙবো!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



