তুমি পাও যাতে দারুণ ব্যথা আমি হই তাতে তৃপ্ত,
আমার প্রবল ঘৃণাতে তব ভালোবাসা থাকে সুপ্ত।
যুক্তি আমার পাথেয় অথচ আবেগী তোমার মন,
চোখের জলে সুখ খোঁজ তুমি আমি চাই সুখ-ক্ষণ!
হালকা নীলে আমার আকাশ কী দারুণ শোভাময়,
বর্ষাতে তোমার আহ্লাদি চোখ সাদা মেঘ-পানে ধায়,
পরের তরেই জীবন তোমার পরের দুঃখেই দুঃখ,
ভাবনায় আমার সারাদিন শুধু হাসিভরা নিজ মুখ!
একটু অভাবে বিচলিত আমি কাটবে কী করে দিন,
বিলাসিতা তোমার অপ্রিয় খুব ভোগেতে সুখ বিলীন,
সব কাজেই আমি শুদ্ধতা চাই ভুলেতে চাই মাশুল,
তুমি বল দোষ মানুষেই করে ক্ষমা করো নিয়ে ফুল!
দুজনের যত জীবনের চাওয়া মিল নেই তাতে খুব,
দর্শনে আরও বিপরীত তবু দিয়েছি প্রেমেতে ডুব,
ফলাফলে দেখ সকলের কাছে আজ দুজনের রূপ,
হতাশার যেন জীবিত প্রতীক প্রাণ হয়ে গেছে চুপ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





