এক দেশে এক পীর ছিলো। সবাই ওই পীরের কাছে পানিপড়া নিতে আসতো। পরীক্ষা হোক, বিয়ে হোক, অসুখ-বিসুখ, যা খুশি- সবকিছুর জন্যই পানিপড়া ছিলো বাধ্যতামূলক। আর গ্রামের একমাত্র পীর হিসেবে সবাইকে পানিপড়া শুধু তিনিই দিতেন। শুধু কি পানিপড়া? এলাকার সব বিয়ে, জানাযা, সবকিছুই তিনি পড়াতেন। পীরের তিন বিবি, চোদ্দটা বাচ্চা- তাঁর মত মর্দ দুনিয়াতে খুঁজে পাওয়া দুষ্কর।
এলাকার ছেলে সিদ্দিক। নতুন বিয়ে করেছে। তার আর বউয়ের দু'জনেরই ইচ্ছা, বাচ্চা নেবে না এখন; নেবে কিছুদিন পরে। তবে ইচ্ছা থাকলেই কি হয়? দিন যায়, মাস যায়, শাশুড়ি চোখ টাটায়: বাচ্চা হয় না কেন? বউ কি বাঁজ নাকি? সিদ্দিক শুনে হাসে।
একদিন ব্যবসার কাজে শহর যায় সিদ্দিক। ফেরে তিনদিন পরে। বাসায় ফিরে দেখে বউয়ের শরীর খারাপ। বিছানায় শুয়ে আছে, শুকিয়ে পাটকাঠি হয়ে গেছে। চোখের নীচে কালশিটে। জিজ্ঞেস করে, 'কী হলো?' বউ বলে, 'কিছু না'। ধীরে ধীরে পুরো ব্যাপারটা জানতে পারে। বউয়ের বাচ্চা হয় না দেখে মা তাকে নিয়ে গিয়েছিলো পীরের কাছে। পীর বাবা রাতের বেলা ওকে রেখে দিয়েছিলেন। সকাল বেলা ফিরিয়ে দেওয়ার সময় বলেছেন- 'এবার ইনশাল্লাহ গর্ভবতী হবে!' তারপর থেকেই ওর এ অবস্থা।
*************************************
রাস্তার ধারে বসে আছে সিদ্দিক। হাতে একটা আধাপাকা লম্বা চুল। আপন মনে হাসছে, আর বলছে, 'বেহেশতে যাওয়ার চাবি পাইছি! বেহেশতে যাওয়ার চাবি পাইছি!' কয়েকজন চাষা মাঠের কাজ সেরে বাসায় যাচ্ছিলো, ওর কথা শুনে একটু কৌতুহলি হয়ে তাকায়। জিজ্ঞেস করে, 'কস কীরে সিদ্দিক! বেহেশতে যাওয়ার চাবি আবার কী জিনিস?' 'আরে জানো না! এই চাবি পাইলে তোমার বেহেশতে যাওয়া কেউ আটকাইতে পারবো না। পীর সাহেবের কাছে গেছিলাম। উনি নিজেই উনার দাড়ি একটা ছিঁড়া দিছে আমারে। এই দাড়িই হইলো বেহেশতের চাবি। উনার কাছে এত দাড়ি আছে, যে উনি তো পুরা গেরামরে বেহেশতে পাঠাইতে পারে!'
গুজব দাবানলের মত ছড়ায়। দলেবলে গ্রামের মানুষ ভিড় করে পীর সাহেবের বাড়ি। সবারই একটাই দাবি: একটা দাড়ি ছিঁড়ে দিতে হবে। সবাই বেহেশতে যেতে চায়। পীর সাহেব যতই বোঝায়, কে শোনে কার কথা? শেষমেশ এক চ্যাংড়া ছোড়া বুদ্ধি বাতলায়, 'এত কথার কাম কী? নিজে গিয়া ছিড়া লও না!' বুদ্ধিটা সবারই মনে ধরে। একজন এগিয়ে যায়, দাড়ি ছেঁড়ার জন্য। পীর সাহেব দৌড়ে পালাতে গেলে পেছন থেকে দু'জন জাবড়ে ধরে। তারপর মনে সুখে একজন একজন তাঁর একটা একটা করে দাঁড়ি ছিঁড়তে থাকে। শেষ পর্যায়ে গিয়ে একটু বিশৃঙ্খল হয়ে যায়, সবাই তাড়াহুড়ো করে পীর সাহেবকে নিয়ে কাড়াকাড়ি করতে থাকে। প্রায় দুই হাজার লোকের ভীড়ে পিষ্ট হতে থাকেন পীর সাহেব। জনতা তাঁর দাড়ি, গোঁফ, ভ্রু- সব উপরে নেয়। পেছনে ফেলে যায় তাঁর শ্মশ্রুহীন নধরকান্তি দেহ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১২ সকাল ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





