ভেবে দেখলাম, একটা দেশের গণতন্ত্রে একটা মধ্যম-বাম দল আর একটা মধ্যম-ডান দল থাকা জরুরী। দু’টোর কোনোটা ছাড়াই গণতন্ত্র চলতে পারেনা। দেখা যাক- আমাদের দেশের পরিস্থিতি কী।
বিএনপি বরাবরই ডানপন্থী। ওরা মৌলবাদীদের রাজনৈতিক প্রটেকশন দেয়, ওরা মধ্যবিত্তের চেয়ে কোটিপতিদের কথাই চিন্তা করে বেশি। ওরা রাস্তায় পুলিশ-আর্মি নামিয়ে যখন তখন গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করে। মাইনরিটির প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ ওদের নেই। কথায় কথায় ধর্মের সুড়সুড়ি দিয়ে জনগণকে ঘুম পাড়ায়। এটাই টিপিকাল ডানপন্থী চরিত্র; সব দেশেই এরা থাকে।
অন্যদিকে আওয়ামী লীগের হবার কথা ছিলো মধ্যম-বাম। অর্থাৎ, ওরা মধ্যবিত্তের জন্য চিন্তা করবে বেশি। ওরা সাংস্কৃতিক বিকাশ, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতার প্রতি শ্রদ্ধাশীল হবে। বিদেশী বিনিয়োগ বাড়াতে না পারলেও শস্যবীজ আর জ্বালানীর দামে ভর্তুকী দেবে। ওদের বাজেট উচ্চাভিলাষী না হলেও জনমুখী হবে। সাধারণ মধ্যবিত্ত শিক্ষিত পরিবার থেকে জ্বলজ্বলে তরুণরা হবে ওদের ছাত্র সংগঠনের কর্ণধার। ওরা দেশের মানুষকে একটা নতুন দেশের স্বপ্ন দেখাবে। সেই স্বপ্ন বুকে লালন করে নিজেদের নিঃশেষ করে দেবে দলের জন্য।
এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আওয়ামী লীগের মধ্যে সেই বামচরিত্র দেখি? আমি দেখতে পাইনা। আজকের আওয়ামী লীগও বিএনপি’র মত একটা ডানপন্থী দল। প্রয়োজনে ওরা মৌলবাদীদের সাথে গাঁটছড়া বাঁধে, প্রয়োজনে মাল্টিন্যাশনাল কর্পোরেশনের দাসত্ব করে। বিএনপি’র মত ওরাও হিন্দু মারে দেদারসে। ওদের ছাত্র সংগঠনের মধ্যে দেশ বদলে দেবার চেতনায় উজ্জীবিত কোনো মুখ দেখি না।
আমার মনে হয়- এখানেই আমাদের দেশের মূল সমস্যা। দু’টো মূল দলই ডানপন্থী হয়ে গেছে। একটা জনগণের দল দরকার। একটা বামপন্থী দল দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





