চেনা মুখ চারু সুর জীবনের সব চেনা পথ
অচেনা সরণে মেশে , মিছিলে মিছিলে অনিবার
অনুরাধা স্বাতীদের মাঠে - নক্ষত্র নহর ; ভেজে
ঝরা পাতা বুনোফুল এলোমেলো স্মৃতির শহর ।
মেঠো রোদ উড়োমাঠ- বিকেলের বেলোয়ারি দ্বিধা
চিলের ডানায় ভাসে ; উচাটন - যাবে কি যাবেনা -
উড়ে যায় ! কুয়াশায় ভেজা চোখ ফিরে ফিরে আসে
গোধূলীর মতো ম্লান- বিবস্বান ; বেদনার নদী ।
বুকের ভেতরে এক পাখি ডাকে , অচেনা কুহক
ইশারায় শিস দেয় - ‘চলো’ ! আনমনা মুঠো রোদ
বেদনার দিহি - দ্রোহের বিভায় কাঁপে , এলোসুর -
'যাবোনা যাবোনা' বোধি ; সোহমে শানিত আকুলতা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

