একুশ সদা বহমান
শাওন আহমেদ
একুশ ছিল মুক্ত পাখি, মুক্ত ছিল যার ডানা স্বাধীনতা আরেক পাখি, এই পাখিটা তার ছানা।
একুশ ছিল হৃদয় মাঝে অঙ্কুরিত বীজের নাম
ধরিত্রীকে জ্ঞাপন করা বীরের জাতির নিজের নাম।
একুশ মানে বুক জমিনে বুলেট চাষের পূর্ণ পাঠ
রক্ত সেচ-এ, মুক্তি শস্যে ভরে ওঠা জীর্ণ মাঠ।
একুশ মানে জানিয়ে দেয়া, নয় আমাদের ভীত করুণ
রাজপথটাকে ক্যানভাস করে, এঁকেদেয়া লাল অরুণ।
একুশ রবে চেতনাতে, বাংলা আছে যত দিন
আছে একুশ ফুরোয়নিতো, আজ অথবা গত দিন।
একুশ আছে পৌঢ়ের মুখে, আছে শিশুর বুলিতে
ফেব্রুয়ারীর একুশ তারিখ কেমনে পারি ভুলিতে।
উৎসর্গ
নাম জানা, নাজানা সকল ভাষা সৈনিককে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




