মৃৎশিল্পতো মাটির তৈরী তৈজসপত্র ও নানা ধরনের অন্যান্য জিনিস ৷ কিন্তু মৃতশিল্প বলে বাংলা অভিধানে কোনো কথা আছে কী? অর্থাৎ কিনা যে শিল্প হারিয়ে গেছে ৷ যেমন রোমান অথবা সংস্কৃত ভাষাকে অনেকে মৃত ভাষা বলেন কারন এই সব ভাষা খুব কম ব্যাবহার করা হয় জনজীবনে ৷ ঠিক একই রকমভাবে অনেক শিল্প অনেক কলাকৃতি হারিয়ে যাচ্ছে আমাদের কৃষ্টি থেকে ৷ যেমন ধরুন ৫০ বছর আগেও এস্রাজ নামক বাদ্যযন্ত্রের নাম বাংলার সঙ্গীতপ্রেমী মহলে খুবই প্রচলিত ছিল ৷ এখন শান্তিনিকেতনের গন্ডি পেরোলে কতজন আর আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে আগ্রহী?
এই রকম একটা কলাকৃতি হল হরবোলা ৷ একজন মানুষ নানা ধরনের শব্দ করে নানা পরিবেশ ও সময়কাল তৈরী করেন ৷ সঙ্গীতের রাগ রাগিনীর সঙ্গে এর তুলনা করলে হয়ত আমি এর একটু বাড়াবাড়ি করে ফেলব ৷ তবে ব্যাপারটা অনেকটা এক রকম ৷ যেমন ধরুন মিঞা মল্লার রাগ শুনে যেমন বর্ষার জলের ধারার কথা মনে হয় আবার আহির ভৈরব রাগ শুনে তেমন খুব ভোরবেলার নিস্তব্ধতা ও সূ্র্য্যোদয়ের কথা মনে হয় ৷ হরবোলারাও তেমন নানা ধরনের শব্দ করে একটা ভার্চুয়াল পরিবেশ তৈরী করেন ৷ এই ধরুন বাঘের ডাক, মেঘের গর্জন, রেলগাড়ীর চলা ও থেমে যাওয়া, ঝড় বওয়া ইত্যাদি পরিবেশ এরা শুধু মুখে আওয়াজ করেই করতে পারেন ৷ এই শিল্প ও শিল্পী দুটিই হরবোলা নামে পরিচিত ৷
আগে হরবোলাদের দেখা মিলত গ্রামীন মেলায়, নানা উৎসবে, যাত্রা থিয়েটারে ৷ এবং যারা খুব দক্ষ তারা অংশ নিতেন বেতারের নানা শ্রুতি নাটকে ৷ সঙ্গীত শিল্পী বা আবৃত্তিকারদের মতই গলার নানা যত্ন করতে হত তাদের ৷ কারন পেশাদার হরবোলাদের কন্ঠস্বরই হল অন্নদাত্রী লক্ষী ৷ অনেকে আবার অপেশাদারী বা আ্যমেচারও ছিলেন ৷ তারা মাতিয়ে রাখতেন নানা বিয়েবাড়ী ও আনন্দ অনুষ্ঠান ৷
কিন্তু এখন তারা হারিয়ে গেলেন কোথায়? বেতারের আকর্ষণ হয়ত কমেছে শ্রোতাদের কাছে ৷ তবে এখনও তো এফ এম ইত্যাদি চলে ৷ শ্রুতি নাটকের চল এখন অনেক কম ৷ তাই তাদের রুজি রোজগারে ভাঁটা পড়াই স্বাভাবিক ৷ তবে এফ এম এ কি শ্রুতি নাটক চালু করা যায় না? এখনও ভানু বন্দ্যোপাধ্যায় বা রবি ঘোষের নানা শ্রুতি নাটক জনমানসে আনন্দ দেয় ৷ এই শ্রুতি নাটকের হাত ধরেই আবার হরবোলারা ফিরে আসুক এই কামনা করি ৷ দেখা যাক আগামী প্রজন্ম আমাদের লুপ্তপ্রায় কৃষ্টিকে কতটা ধরে রাখতে পারেন ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



