ঝকঝকে নীলাকাশ কিংবা সাদা মেঘের ভেলায়
কবিতারা আজ দোল খায় না।
কবিতা চমকায় না কোন উর্বশীর
উন্মত্ত শরীরে।
কামনা ঝরে না প্রেয়সীর তপ্ত নিঃশ্বাসে।
হৃদয়ের গহীনে নিরন্তর বয়ে চলা নদী
শুকিয়েছে বহুকাল আগে।
আমার কবিতারা তাই ঘাস খায়
বিষণ্ণ নদীর তীরে।
ভণ্ড চাঁদের মায়া নহরে একবার ডুবে গিয়ে
গর্জে ওঠে রাইফেলের তপ্ত নলে।
কিংবা মাঝরাতে লুটোপুটি খায়
বয়ে চলা নগ্ন আঁধারে।
হিজলের বনে নিশাচর পেঁচা
ছিঁড়ে খায় নিঃসঙ্গ কবিতা।
সিটি কর্পোরেশনের নোংরা ড্রেনে
মাছি বসা ভাগারে
দলা পাকানো আবর্জনার স্তূপে
কবিতারা আজ ফুঁসে ফুঁসে ওঠে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


