জানা হল না
বিবর্তনের দর্পণে দেখিনা আর সেই মুখ।
কালো পৃথিবীর নোনা রক্তিম আলোয়
চুপিসারে মুখ বুজে কাঁদছিল অক্ষম অমাবস্যার চাঁদ,
অগণিত সূর্যের আত্মাহুতির দিন ছিল সেদিন
প্রবলতম বিনষ্টির প্রয়োজন পড়েছিল পৃথিবীর।
কেন- আজো জানা হলনা আমার,
জানা হলনা আমার।
ইতিহাসের রাতুল-প্রহরে মানস অক্ষরে লেখা হলো
নীল সূর্যের সুস্মিত জন্মকথা।
হয়ত কোনদিন পুরাতন সময় নতুন মুখোশে
সামনে এসে দাঁড়াবে,
চুলচেরা বিশ্লেষণে কেবল তন্ন তন্ন করে খুঁজবে-
প্রাণের আবেগে প্রবল প্রকাশে
জড়িয়ে ধরে কাঁদবে।
হয়তো মুখোমুখি স্বপ্নের আলোয়
অস্পষ্ট ভাসমান কণ্ঠস্বর ভাসবে কালো মেঘের চূড়ায় চূড়ায়,
সেদিনো জানা হবেনা আমার,
কিছুই জানা হবেনা আমার।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



