তথ্য প্রযুক্তির এই যুগে সাতক্ষীরার কুমিরা মহিলা ডিগ্রী কলেজের ব্যবসা ব্যবস্থপনা (বিএম) শাখার কম্পিউটার ট্রেডে ক্লাস হয় না ১০ বৎসর!
এর প্রতিকার চেয়ে ছাত্রীরা কলেজ পর্যদের সভাপতির নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। কিন্তু আজও পর্যন্ত এর কোন প্রতিকার হয়নি।
ফারহানা ফাতিমা, জেসমিন নাহার, ফজিলা খাতুন, মাহমুদা খাতুন, রনী রানী পাল, ছন্দা রানী পাল, নাসরিন নাহারসহ ১৯ জন ছাত্রী স্বাক্ষরিত অভিযোগে জানা যায়, কম্পিউটার ট্রেডের প্রভাষক মোঃ ইয়াসিন আলী নিয়োগ পাওয়ার পর থেকে গত ১০ বৎসরে এক দিনের জন্যেও ক্লাস নেননি। যে কারণে কম্পিউটারের ক্লাস থেকে তারা (ছাত্রী) বঞ্চিত হচ্ছেন। যার নেতিবাচক প্রভাব পড়ছে পরীক্ষায়। দেখা গেছে ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে এই ট্রেডের ২য় সেমিষ্টারের পরীক্ষায় ২৩ জন ছাত্রী অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ২২ জনই ফেল করেছেন। এর সুযোগ নিচ্ছেন কলেজের জামাতপন্থী প্রভাষক মোঃ ইয়াসিন আলী। পরবর্তীতে পরিপূরক পরীক্ষায় বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস দিয়ে তিনি ছাত্রীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন। জামাতপন্থী এই শিক্ষক বিগত চারদলীয় সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে ক্লাস না নিয়েও নিয়মিত বেতন-ভাতা গ্রহন করেছেন এবং তার বিরুদ্ধে কোন প্রকার প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হয়নি।
ছাত্রীরা লিখিত অভিযোগে আরো উল্লেখ করেছেন, তত্ত্বীয় পরীক্ষা শেষে বাস্তব প্রশিক্ষণের সময় বেশী নাম্বারে আশ্বাস দিয়ে তিনি (প্রভাষক মোঃ ইয়াসিন আলী) ছাত্রীদের তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে (ইউনিভার্সাল কম্পিউটার সেন্টার) নিয়ে চাপ সৃষ্টি করে অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন। এসব বিষয় বিএম শাখার প্রধান প্রভাষক অভিজিৎ কুমার মিত্র জানা সত্ত্বেও আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বরং তাকে সহযোগিতা করে আসছেন। ছাত্রীরা এসব বিষয়গুলো সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।
কুমিরা মহিলা ডিগ্রী কলেজের পর্যদের সভাপতি ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ রেজা-উন-নবী বলেন, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


