
ভালোবাসার রঙিন খামে
ইফতেখারুল মবিন
আমি ভালোবাসি বলেই তোমায়
রঙিন খামে রঙিন চিঠি লিখেছি।
শিশির ভেজা সবুজ নরম ঘাস,
প্রজাপতির পাখা,জোনাকির আভা,
গোধূলি বিকেলে নদীর তীরে
মৃদুপবনে কাশফুলের দোলা,
অঝোর ধারার রিমঝিম বৃষ্টি,
রাতের আকাশে পূর্ণিমা চাঁদ,
আরো শত তারার মেলা থেকে
উপমা খুঁজে রঙিন চিঠি ভরেছি।
তারপর তারে রঙিন খামে ভরে
পাঠিয়ে দিয়েছি তোমার ঠিকানায়।
জানি না,চিঠিখানা পেয়েছে কি এখনো
তোমার নরম হাতের পরশ?
প্রজাপতির পাখা,জোনাকির আভা,
বাসা কি বেঁধেছে হৃদয় পটে?
কাশফুলের দোলায় তিরোহিত হয়েছে কি
সঞ্চিত বুকে আঁধারের খেলা?
অঝোর ধারার রিমঝিম বৃষ্টিতে কি
ভরেছে তোমার আবেগের জলধি?
পূর্ণিমা চাঁদ কি আজও
মন মাঝারে জাগিয়েছে ঢেউ?
জ্বলজ্বলে শত তারার মেলা থেকে
পেয়েছ কি খুঁজে কোন উপমা?
পেলে তুমি পাঠিয়ো মোরে
ভালোবাসার রঙিন খামে ভরে
শুধু মাত্র একটি রঙিন চিঠি
একান্তই আমার ঠিকানায়।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



