পাখির নীড়ের মত কোন চোখের কথা,
যদি বলে যায় কোন জীবন কবি,
তবে আয় মেয়ে,- বাসনার মালা গাঁথি!
চাহনিতে যদি এত ঝরাবিই মায়া,
কাজল চুলে আঁকিস এমন মেঘডুম্বুর সাঁঝ,
তবে আয় মেয়ে,- কিছু কামনার ফুল ছিঁড়ি!
পরশে পরশে যদি নাচাবি চেতন,
চোখের চুমুতে ছুঁড়ে দিবি পাহাড়ি নদী,
তবে আয় মেয়ে,- স্নান হোক পবিত্র সর্বনাশে!
পাজর খুলে যদি তোরই গঠন,
আদিম অরন্যের ভাঁজে ভাঁজে আদম ও ইভের উপাখ্যান,
তবে আয় মেয়ে,- চল খুঁজি সেই নিষিদ্ধ ফলের সুবাস!
তোর অরূপ লাবণ্যটুকুও যদি নীলিমারই মত,
অমন গৎবাঁধা কোন গোধূলিতে মিলিয়ে যেতেই হয়,
তবে আয় মেয়ে,- অমরত্বের বীজ বুনি ।
সময়ের মত সর্বগ্রাসী চামার ঘুণপোকা যদি,
কুরে কুরে খেয়েই চলে বরাদ্দ সীমিত প্রহর,
তবে আয় মেয়ে,- শিখে নেই আজ আত্মাহুতির পাঠ ।
অদ্ভুত আঁধারে যদি আজ ঢেকেছে স্বদেশ,
বাতিঘরগুলো যদিও সব পচে গলে বিক্রি হবার পথে,
তবু আয় মেয়ে, গড়ে তুলি দূর্জয় প্রতিরোধ!
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





