জীবনের লল্লিটা সুরুত সুরুত করে নয়,
নাড়ি থেকে উঠে আসা এক প্রচণ্ড টানে শুষে নাও!
চেটেপুটে নাও অন্তিম উপযোগিতা পর্যন্ত।
তারপর স্রেফ আলতো করে ,
কামে- ধ্যানে- ক্ষুধায়, আনন্দ আর হতাশায়-
ছিবড়ে করে ফেলা হাড়টুকু,
মায়াহীন মায়ায় মুড়ে গড়িয়ে দাও শূন্যতায়।
হতে পারে কোন বাজপাখি ঠোঁটে তুলে নিয়ে,
ফেলে আসবে কোন পাহাড়ী বধ্যভূমিতে।
এমনও হতে পারে কোন অস্তিত্ববান ফসিলে পরিনত হলে,
কোন এক অনিশ্চিত ভবিষ্যতে উন্মোচনের অপেক্ষায়।
আর যদি প্রজ্ঞাবান হও,
তাহলে আশা কর না কোন কিছুর!
সময়ের কোটরে গচ্ছিত রেখোনা কোন অমল বাসনা!
তুমি আছ -নিতান্তই সাময়িক;তুমি নেই- অটল চিরন্তন!
আর যদি জীবনের মর্মমূলে কান পেতে শুনতে শেখো,
তাহলে তো জেনেই গিয়েছ এই বেলা,
শুরুর আগেও যদি কিছুই না থাকে,
শেষের পরেও নেই কিছু বাকী।
মহান শূন্যতার মেহনতি মৌমাছির দল,
তিল তিল জমানো স্বপ্নের মধুগুলো,-
হয় যদি কেবল সময়ের খাজনা,
তবে সরোবরের জলের মিলন থেকে বুঝি,
মরুভূমির মরীচিকায় আত্মাহুতির আকুতি পবিত্রতর।
তৃপ্তির ঢেঁকুর থেকে আদিগন্ত হাহাকার মঙ্গলময়।
অভ্যস্ত সংগমের থেকে অচেনা কাতরতা অধিকতর মানবিক।
মুখোশচারী মহাপুরুষ থেকে মুন্ডুছেদী গুহামানব সুচারু ন্যায়বান।
অস্তিত্বের অর্থহীন সমৃদ্ধির থেকে হরিনের চোখ অধিক গুরুত্বপূর্ন।
বেকুব রত্ন পাথরে আলোর কারসাজি থেকে পথের ধুলো হিরন্ময়।
যে ধুলোয় আঁকা তোমার অবয়ব, যে ধুলো তুমি মেখেছ পথে,
যার জমাট বাঁধা তলে তুমি গড়েছ নিশ্চিন্ত আবাস,
এই ভালো সেই ধুলোই মুক্তি,ধূলি ধূসর সর্বনাশ।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





