একবার এক ব্যর্থ কবির কলমের মাথায়,
হুলুস্থুল খুন চেপে গেল!
মাতাল অশ্বে চাবুক লাগিয়ে ছুট লাগাল দিকবিদিক...
বিশ্বজগত তন্ন তন্ন করে যেভাবেই হোক,
ছিনিয়ে নিয়ে আসবে একটি দিগ্বিজয়ী কবিতা!
যে কবিতার প্রতিটি শব্দে,
কোন এক নিভে যাওয়া নক্ষত্রের স্বপ্ন মিশে থাকবে,
যে কবিতার পরতে পরতে ,-
মাখানো থাকবে মায়েদের লোকমার স্বাদ।
যে প্রহরে সেই কবিতাটি লেখা হবে,
পরাজাগতিক সুরে গান গাইবে সদ্যকিশোরী এক নীলতিমি।
যে কবিতার প্রজ্বলিত আবেগে থরথর কাঁপবে,
অমরত্বের অমর বাসনার প্রতিশ্রুতি।
যে কবিতার প্রতীক্ষা হবে ঠিক এমন যেন,
যুদ্ধ ফেরত কোন তরুন যোদ্ধা খুইয়ে আসছে তার যাবতীয় সবুজ।
কবিতাটিকে তো অবশ্যই ভালবাসার কথা বলতেই হবে,
বলতে হবে সোনালু স্বপ্নের কথা, জেগে ওঠা প্রথম আগুনের কথা।
কবিতাটিকে অবশ্যই প্রথম বৃষ্টির জলে শুদ্ধ হতে হবে,
কবিতাটিকে হতে হবে প্রথমবার বিক্রি হওয়ার-
অচেনা দহনে ঝরে পড়া প্রথম কান্নাফোঁটার মত পবিত্র।
কবিতাটিতে ওই রকম শীতল মায়ার এক পরশ থাকবে,
ঠিক যে হাত তুমি রাখতে প্রেমিকের জ্বর আকুল কপালে।
সেই কবিতাতে যদি রাজপথে স্বপ্ন লুট হয়ে যাওয়ার হাহাকার থাকে,
তবে সেখানে থাকতেই হবে দাঁতে দাঁত চাপা প্রতিরোধের তেজ।
সেই কবিতায় যদি সব কিছু ভেঙ্গে পড়ার কানে তালা লাগানো হুঙ্কার থাকে,
তাতে থাকবেই থাকবে তুষারযুগ ঠেলে আসা উষ্ণ সকালের সুরেলা সৌরভ।
আর ঠিক যখনই শেষ হবে লেখা সেই সে সকাতর অভিমানী কবিতাটি,
ছুটির ঘন্টা বাজবে দশ দিকে, পাখা মেলবে আততায়ী ঘুম,
তেপান্তরের মাঠ পেরিয়ে উড়ে আসবে সুদর্শন অন্ধকার,
ডানা ঝাপটিয়ে বলবে আলগোছে, ‘কবি- এবার ঘুমাও তুমি’!
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




