একমাত্র সূর্য ডুবে গেলেই যদি না,
মিটিমিটি তারাগুলো চোরাগুপ্তা হামলা চালায়,-
তোমাদের ঐ দৃশ্যমান আকাশের সীমানায়,
তাই বলে তুমি ভেবোনা কিন্তু,
ঐ তারাদের আকাশে ওদের জাগবার জন্য,
আকুল হয়ে থাকতে হয় কোন সূর্যের প্রতীক্ষায় !
একমাত্র স্বপ্ন ফুরিয়ে গেলেই শুধুমাত্র,-
মানুষকে হাত পাততে হয় অন্ধকারের কাছে,
বেচে দিতে হয় আত্মা সরল কেনা দামে,
তাই বলে তুমি ভেবনা কিন্তু,
সারাটি জীবন আমার ঠিক এমনই,
কেটে যাবে নিস্ফলা, পুড়ে পুড়ে রোদ্দুরে!
একমাত্র নিঃশ্বাস ফুরালে যদি এবং কেবল যদি,
ঝেরে ফেলে চিল শরীর থেকে সোনালু সন্ধ্যা সজল ,
মরুপ্রেমে নদীরাও ভোলে সমুদ্রের সুনীল নির্দেশ,
তাই বলে তুমি ভেবনা কিন্তু,
মিলনেই সূত্রবদ্ধ ভালবাসার অনিকেত সুবাস,
সকাতর প্রেম কেবল খুঁজে ফেরে,কামালু বাসর উদ্দেশ!
একমাত্র জ্যোৎস্না হারালেই কেবল যদি,
ফিরে আসে সব হিমু তার রূপালি বিস্তারে,
মুছে ফেলে কবি অসমাপ্ত চন্দ্রগ্রস্ত কাব্য সকল,
তাই বলে তুমি ভেবনা কিন্তু,
কালিমাকে ভালবেসেই কেবল ডুবে যায় চাঁদ,
ঝরে ঝরে যায়, অভিমানী সব শিউলী বকুল!
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




