নষ্ট সময়ে ফুল ফোটাবে বলে,
তুমি বলেছিলে নীল পাহাড় চূড়োর মন্দিরে,
যেখানে কুয়াশা আর পবিত্র মেঘেরা তীর্থে যায়,-
ঐ মঙ্গলধামে একটা প্রদীপ জ্বালবে।
তথাস্তু, বলে যাত্রা শুরু করলেম-
পথে নামল দুটি পথ,
ধুলো মাখা চরন বুকে নিয়ে
পেরুলেম কত শত জনপদ-পাহাড়-বন-নদী...
সপ্তম উপত্যকার কোল ঘেঁষে,
সহস্রবর্ষী যে প্রাচীন বোধিবৃক্ষ,
তার কোটরে বিরাজ করেন সময় ঋষি।
বহু নিযুত যুগের সাধনা সময় ঋষির,
সেই সাধনায় বর পেয়ে হলেন নির্মোহ।
তখন থেকেই প্রেম অথবা অপ্রেম,
কোন কিছুতেই সময়ের কিছু যায় আসেনা ।
বুকের রক্ত, উৎকৃষ্ট ভালবাসা,
একদানা শস্য অথবা সম্রাটের কোষাগার,
কোন কিছুতেই কিছু নয়।
সেই নির্মোহ সাম্রাজ্যের অধিপতি জগতরাজ সময়,-
তাঁর পূন্য আশীর্বাদই সম্বল চূড়ার পথে।
সুকঠিন, বন্ধুর, কর্কশ এক মহাযাত্রা শেষে,
সময় ঋষির দ্বারে পৌঁছুলেম এক সময়।
নষ্ট সময়ে ফুল ফোটানোর বাসনা শুনে
তুমুল অট্টহেসে সময় বললেন,'সাধু!,সাধু!,
বৈষ্ণব যদি বোষ্টমীর নীড় খুঁজে পায়,
পাল যদি হাওয়া খুঁজে পায়,
শ্রাবন যদি তার সজল মেঘ,
আর বাঁশি যদি তার রাঁধা,
নষ্ট সময়েও ফুল ফুটবে, ফুটবে, ফুটবে...’
মঙ্গল ধামে তোরাই তো প্রদীপ জ্বালবি,
তরুন, সবুজ, আদিম মানব ও মানবী।
আশীর্বাদ সার্থক হবে রাখিস যদি মনে,
গন্তব্য চুড়ায় নয়, পথ- ই গন্তব্য...
নষ্ট সময়ের ফুল যদি চাস,তবে ভুলিস না,
সকাল- সন্ধ্যা বুকের রক্ত আর চোখের জল ছাড়া
ও ফুল বাঁচেনা, বাঁচেনা, বাঁচেনা...’
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




