বেলা-অবেলায় আসে যায় দিন, আলো-আঁধারি গোলকধাঁধায়,
ধূসর হচ্ছে সকাল, বাড়ছে রোদের তেজ, তবু কিছু সবুজ,-
এখনও মুঠো করে ছুটছি নির্নিমেষ। দিন শেষে ঘরে ফিরে,
কোন কোনদিন বুকপকেট হাতড়ে পেয়ে যাই, অস্ফুট ঘামে ভেজা
অর্ধসমাপ্ত কোন কবিতা, কৈশোরে তোমার চিঠি যেমন না পড়েই,
পকেটে নিয়ে হাঁটতাম আর হাঁটতাম! তোমাকে তো বলাই হয়নি-
দিন রাত খেটে অবশেষে জমাতে পেরেছি, কিছু নিকষ নিরালা
অন্ধকার, স্বপ্নগুলো বেশ ঘুম পাড়িয়ে রাখছি সংগোপন আঁধারে!
সংশয়গুলোকেও প্রায় কব্জা করে এনেছি,বিশ্বাসে মিলায় এমনকি
ইউনিকর্ন, ইয়েতি, অমরত্ব এবং টিকে থাকার তেলাপোকা জংশন,
আমিও তাই শেষমেষ বিশ্বাস এনেছি বিশ্বাসে,ওম অলঙ্ঘনীয় দর্শন!
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




