তুমি তো আর জানতে না মেয়ে,
হৃদয়ের যে কানখানি মুচড়ে ধরে,
তোমরা ঝাঁকিয়ে তোল পুরুষের অন্তরাত্মা,
সেই সুদর্শন কান তো আমার কবেই নিয়েছে চিলে!
তুমি তো আর জানতে না মেয়ে,
কামনার যে সেতারে টোকা দিয়ে,
তোমরা ঝরাও মেঘাতুর বাদল বিন্যাস,
সেই তিরতির তন্ত্রী ওরা কবেই নিয়েছে কিনে!
তুমি তো আর জানতে না মেয়ে,
অনুভবের যে প্রান্তরে বশীকরণ বসতি গড়ে,
তোমরা জাগাও তুমুল উৎসব রংদারু,
সেই রোদেলা প্রান্তর তো সে কবেই নিয়েছে লুটে!
তুমি তো আর জানতে না মেয়ে,
বাসনার যে সুনীল উদ্যানে বীজ বুনে,
তোমরা সাজাও অতল স্বপ্ন অনন্তের,
সেই সুরেলা বাঁশী তো কবেই গিয়েছে চিরে!
তোমার বুঝি বিশ্বাস হয়না মেয়ে!
মরীচিকায় মজেছে মন,মরুদ্যান মায়ালী বনে,
ঠিকমতো খোঁজ নিয়ে দেখো তুমি,
সাহারাও ছিল খুব সবুজ কোন কালে!
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




