ঠিক যতবার তোমার দুপুর জানলায়,
কোন একলা শালিক খেতে আসে রোদ,
ঠিক ততবারই কোন দেবদূতের ঘুম ভেঙ্গে যায়!
যতবার নির্ঘুম তুমি চোখ থেকে মুছে ফেলতে চাও,
মেখলা কিছু টলোমলো প্রহরের জমানো ক্লান্ত কাজল,
ঠিক ততবারই হেসে ওঠে কোন বাজপাখির হৃদয়!
যতবার তুমি আড়মোড়া ভেঙ্গেই আবার স্তব্ধ হয়ে যাও,
উঠে দাঁড়ানোর পর্যাপ্ত কারনের অভাব থাকা সত্ত্বেও,-
তুমি উঠে দাঁড়াও কারন সেটাই মানবিক রেওয়াজ,
ঠিক ততবারই দীর্ঘশ্বাস চেপে মুচকি হাসেন আকাশগঙ্গা!
যতবার তুমি অবচেতন ধ্যানে গেয়ে ওঠো জীবনের গান,
আবার সেই তুমি থেমে যাও কোন পিছুটানে ঠিকানাবিহীন,
যখন একটু পেরুলেই ছিল মোক্ষ- ছিল মুক্তি- ছিল নির্বান,-
ঠিক ততবারই পপকর্ন হাতে গ্যালারীতে বসেন ঈশ্বর স্বয়ং!
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




