চাঁদের কানে মন্ত্র পড়ে দিচ্ছে এক কালো জাদুকর,
ফুসলিয়ে একদিকে ভাগিয়ে নেবে বলে বাজী ধরেছে।
বন্ধ ঘড়িটা আর চলবে না, কিন্তু সময় বইবে ঠিকই,-
এই শুনে হাতপাখারা সব পাখা মেলে একদম পগারপার!
বৈদ্যুতিক আবেগে শীতল হাওয়া দিচ্ছে ঠাণ্ডা বাক্স-কল,
সাথে লোডশেডিং এ আধুনিক বিরহ যন্ত্রনার ফ্রি ক্লাস!
ওদিকে আবার রাগে অভিমানে উষ্ণ হচ্ছেন ধরিত্রী,
আর সবাই পারলেও পর্বতারোহী শুভ্রতা পারেনি সইতে,
সবুজ ঠেলে এই অকারন কংক্রিটে আয়েশী আত্মসমর্পণ!
আত্মাহুতির ঢেউয়েরা তাই কিশোরী নদী হয়ে নেমে,
সঙ্গীন বিছিয়ে গাইছে দুকূল ভাসানিয়া সারি গান।
অতঃপর যখন বেলা পড়ে এলে, কাল্পনিক বিজয় উৎসব শেষে,
পানপাত্রগুলো ঘুমিয়ে গেলে ছবি আঁকে মানবিক সভ্যতা।
মেঘ ফুরালেই বাঁধে বাঁধে বিদ্ধ মায়াপ্রবাহ জলরাশি,
রুপালী নদীগুলোর চিকচিকে কঙ্কালগুলো তবু,
দায়মুক্তির দীর্ঘশ্বাসে প্রানহীন-ই থেকে যাবে।
নদীগুলো সব শুকিয়ে গেলে যে,
গানগুলো সব মিছে হয়ে যায়,
চিলগুলো সব সাঁঝে ডুবে যায়,
মেঘগুলো সব দ্রোহে পুড়ে যায়,
পালগুলো সব ঘুনে খেয়ে যায়!
নদীগুলো সব ঝরে গেলে যে ,-
পাখি হবার আর সাধ থাকেনা, মানলে তো?
হারিয়ে যাবার কোন পথ থকেনা, জানলে তো?
ফিরবার কোন মানে থাকেনা, দেখলে তো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


