শহরে ইদানীং ব্যর্থ কবিদের আনাগোনা বেড়ে গেছে ভীষনভাবে,
ওদের ভিড়ে মাঝে মাঝেতো ফুটপাথ দিয়ে হাঁটাই যায়না ঠিকমতো,
আর এমন ভাব এক একটার, যেন দুই লাইন কবিতা লিখে ফেলে,-
বুঝে গেছে দিন দুনিয়ার সব হালচাল,বাজারের চলতি দাম-দর!
আর ঐ কবিতার কি সব ছিরি!
উত্তর আধুনিকতার আজগুবি এক চাদর বিছিয়ে,
ফুটপাতে ফুটপাতে মেলে ধরেছে সব ব্যর্থ কবিতার পসরা!
আরে, কবিতা আমরাও কিছু পড়েছি,
কখনও দুই লাইন লিখিনি বললে কিন্তু ভুল হবে!
তাই বলে এইসব ছিরিছাঁদহীন আবোলতাবোল,-
যাকে বলে একদম কিম্ভুত সব লেখাকে কবিতা মানতে হবে?
ছন্দের তো কোন বালাই নেই, পড়লে বোঝার আছে কিছু?
আরে বাইজির পায়ে যদি ঘুঙ্গুর না বাজে,
সিনেমার মধ্যে যদি একটু নাচগান না থাকে,
সেই রকম কবিতার মধ্যে ছন্দ না থাকলে চলবে?
সরে একটুখনি জায়গা দিয়ে দেখ,
উস্কুখুস্কু চুলে কাঁপা কাঁপা গলায় লেগে যাবে কবিতা পড়তে,
যেন আকাশ থেকে কাব্যলক্ষ্মীর বিশেষ দূত এসেছেন!
আর উজবুক কিছু পাবলিকের দল,-
একদম হাঁ করে শুনতে লেগে যাবে অমিয় অমৃত বানী!
কই, একটাকেও তো দেখলাম না মাইকেল,রবিঠাকুর বা নজরুল হতে!
যদি এসব কিছু না হতে পার তাহলে এইসব করে লাভ কি বাপু?
পকেটে আসবে দু পয়সা কিছু? ওদের থেকে তো দেখি,-
গুলিস্তানের মলম বেচনেওয়ালার কামাই বেশী!
আর একদম পরিস্কার করে একটা কথা বলেই ফেলি,
ওসব কবিতা টবিতা আমার ভালো লাগে না মোটেই!
সবাই খুব ভালো বললে দুই একটা পড়ি কদাচিৎ,
তার চেয়ে বরং সকালের পত্রিকা খুলে,-
শেয়ার বাজারটা দেখা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ মনে করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


