জীবন বন্ধক রাখিয়া
একটি আবাস করিব খরিদ
দরজা জানালা টাইট করত-
বাতাস আর শব্দ মাঝে
প্রহরী থাকবে সুনিশ্চিত।
মুনকার-নাকিরকে করিব আহবান
সময়ের আগে হোক সময়সন্ধান।
আর খানিকটা দেরী হয়ে গেলে যাক
তাড়াও অতটা নাই সুনীল
জীবন তো হেঁটেই যেতে রাজি আছে জানা যায়
আমি হাঁটব অদিক, দিগন্ত বলে কিছু নেই নেই
ওইসব ভ্রম, আজিমপুর মোড় অনেক বাস্তব
(শহরে নেমেছে চক্রাকার বাস)
আমি হাঁটব উপবৃত্তাকার,
বন্ধকী আবাসের মেঝেয়
বসাব ট্রাম লাইন, প্রতি সন্ধ্যায়-
ঐ ট্রামের নিচে পড়ে পড়ে আহত হব, রক্তাক্ত হব
আর কার্নিশে ফোটাব পারস্যের লাল গোলাপ
(আফরিন! আফরিন!)
দরজায় টাঙাবো নোটিশ, চুক্তিমত
দায়বদ্ধ থাকল পাখি,
আকাশের দিকে আঁকা- জানলার মত।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



