একদিন একটা সংবাদপত্র বের হবে
যেখানে লেপ্টে থাকবেনা ধর্ষিতার আঁচলের ধূলো
যা কিছু পুরুষ সকাল-বিকেল চাটতে চাটতে
মেয়েটিরই সবটুকু দোষ কিনা আলোচনা করবে আর
অদৃশ্য হাতে খেঁচতে থাকবে।
যাই হোক- কথা সেটা না।
আমরা এখানে নোংরামো করতে আসি নি।
কথা হল- একদিন একটা সংবাদপত্র বের হবে
জবাই হওয়া কাটামুন্ডু
তার মুছে যাওয়া চোখ নিয়ে অপরপৃষ্ঠা থেকে তাকিয়ে থাকবেনা।
সেখানে শহরের ফুলদানীদের দাম নিয়ে একটা প্রতিবেদন থাকবে।
একজন অপ্রাপ্তবয়স্ক কবির প্রাপ্তবয়স্ক কবিতা নিয়ে জয়ধ্বনি দেয়া হবে।
যার পাতায় পাতায় কচি ঘাসের উপর শিশির জমবে
থাকবেনা কোন চটুল জৌলস।
সেখানকার খবরের শিরোনামগুলোও সাদামাটা-
'আজ মায়ের হাত ধরে প্রথমবারের মত স্কুলে গেল সন্ধ্যা'।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


