আমি যখন ক্লাশ দুই এ পড়তাম, তখন থেকে প্রত্যেক ক্লাশের দুই নাম্বার সেকশনের দুই নাম্বার ছাত্র হইতাম। এমন কি এস.এস.সি; এইচ.এস.সি এবং বি.এস,সি পরীক্ষায় আমি দুই নাম্বার ডিভিশনে পাশ করি। বি.এস.সি পাশ করে দুই মাস বেকার থাকার পর এক চাকুরীতে দুই নাম্বার ভাবে দুই হাজার দুই শত টাকা দিয়ে দুই মাস পর নিয়োগ পেলাম। বেতন ছিল মাত্র দুই হাজার থেকে দুইশত টাকা কম। দুই মাস পর হটাৎ একদিন দুইজন মানুষের মধ্যে আলাপ হতে শুনলাম আমাকে চাকুরীদাতা সংস্থাটি নাকি দুই নাম্বার! ইতোমধ্যে এই সংস্থায় আমার দুই মাসের বেতন পাওনা রয়েছিল বলে দুই সেকেন্ডের ভিতর আমার হৃদস্পন্দন দুই শত গুন বেড়ে গেল।
ঘটনার দুইদিন পর গিয়ে দেখি আমার অফিসের প্রধান দুইটি দরজায় বড় বড় দুইটি করে তালা ঝুলছে। অফিসের দুই নাম্বার দরজার সামনে বসে দুই ঘন্টা সময় কাটাবার পরও যখন কেউ এসে তালা দুইটি খুলল না, তখন লাইনের দুই নাম্বার বাস ধরে চলে আসছিলাম; পকেটে দুই শত টাকা ছিল, বাসে ভিড়ের মধ্যে কোন বাটপার দুই আঙ্গুল দ্্বারা দুই মিনিটের ভিতর আমাকে দুই চমক দেখিয়ে দিল।
খালি পকেটে দুই ঘন্টা হাটার পর আমার গায়ে দুই শত দুই ডিগ্রী জ্বর দেখে একসাথে দুইটি প্যারাসিটামল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এর পর দুই দিন কি হয়েছিল, বলতে পারিনি।
এর দুই সপ্তাহ পর স্কুলের এক দুই নাম্বার কাতারের বন্ধুর সহযোগিতায় দুই নাম্বার ব্যবসায় নামলাম। প্রথম মাসে দুই লক্ষ টাকা লাভ হল, দুই বন্ধু দুই ভাগ করে নিলাম।এভাবে দুই বছর যেতে না যেতে আমার দুইটি বাড়ি, দুইটি গাড়ি ও দুইটি ইন্ড্রাষ্টি হয়ে উঠল।
স্কুল লাইফে প্রেম নিবেদন করার পর যে মেয়ে আমাকে বলতো, তুমি দুই নাম্বার লাইনে আছো; এখন সেই আমায় দিনে দুই শত বার ফোন করে।
আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সেই মেয়েটিকে আমি আমার দুই নাম্বার বউ বানালাম। দুই বউকে দুই বাড়িতে থাকতে দিতাম। এভাবে দুই বছর সূখের সংসার অতিবাহিত হবার পর আমি আমার দুই নাম্বার ব্যবসায় ধরা পড়িলাম। দুই দিন পলাতক থাকার পর জেলে গিয়ে দেখি আমার সেই দুই নাম্বার বন্ধুটি দুই দিন আগেই ধরা পড়েছে। দুই সপ্তাহ জেলে থাকার পর আমাদের দুই বন্ধুকে কোর্টে চালান করা হল; সেখানে দুইজন অ্যাডভোকেট আমাদের দুই বন্ধুর জামিনের জন্য দুই ঘন্টা ব্যাপী বৃথা চেষ্টা করলেন। আমাদের দুই বন্ধুর দুই বছরের জেল হল।
দুই বছর পর বেলা দুই প্রহরের সময় জেল থেকে বের হয়ে আমরা দুই বন্ধু দুই দিকে চলে গেলাম। পার্কের দুই নাম্বার রাস্তার পাশের দুই নাম্বার বেঞ্চিতে বসে দুই ঘন্টা সময় কাটাবার পর দুই হালি বছর বয়সের মানে আট বছর বয়সের একটি ছেলে বাদাম নিয়ে আসলো। ভাগ্যক্রমে আমার পকেটে দুই টাকা ছিল, তাই দিয়ে দুই টাকার বাদাম কিনে তৃপ্তি সহকারে খেলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



