প্রবাসীরা কতটা পরিশ্রম ও মানসিক কষ্ট করে সেটা অনুধাবন করার চেষ্টা কেউ করুক আর নাই করুক তারা যে অনেক অর্থ আয় করে সেটা খুব ভালভাবেই অনুধাবন করতে পারে দেশে থাকা স্বজনেরা৷ তাদের প্রতি মাসে নির্দিষ্ট একটা খরচ হয় সেটা না বুঝলেও কত টাকা আয় করে সেটা খুব হিসাব রাখে৷
দেশের মানুষ মনে করে যে এত অর্থ উপার্জন করে সে তো সুখী মানুষ৷ তবে এই উপার্জিত অর্থ যে প্রবাসীরা ভোগ করে না সেটা তারা মনে করতে চায় না৷ নিজেরা অর্থ উপার্জন করলে তা ভোগ করে দেশে থাকা পরিবার পরিজনেরা৷
প্রবাস মানেই কষ্ট৷ শুধু পরিজনের মুখে হাসি ফুটানোর জন্য প্রবাসীরা নিজের জীবনের সকল সুখ ত্যাগ করে৷ আমাদের দেশের প্রবাসীরা কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে অর্থ উপার্জন করে যেভাবে নিজেরা অতি কষ্ট করে থেকেও পরিবারকে টাকা পাঠায়, পৃথিবীর আর কোন দেশের লোক এমন করে বলে মনে হয় না৷
আমি সামরিক বাহিনীতে চাকরির সুবাদে ভিনদেশীদের সাথে দিনের ২৪ ঘন্টাই কাটানোয় এদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাই৷ আমি মাসের শেষে যখন আমার খরচ বাদে বাকি অর্থ দেশে পাঠাই তখন এরা নিজের উপার্জিত সব অর্থ মহানন্দে খরচ করে৷ তাদের কথা আমি উপার্জন করি আমার জন্য৷ আমি নিজে যখন কষ্ট করি তখন আমার পরিবার নিশ্চয় কষ্ট করে না৷ তাহলে আমার টাকা আমি তাদের দিয়ে কেন আমি শারীরিক কষ্টের সাথে আর্থিক কষ্টও করব? আমি বলি, আমি কষ্ট করে অর্থ উপার্জন করে পরিবারের লোকজনকে সুখে রাখতে পারলে নিজের মধ্যেও এক আনন্দ অনুভূত হয় যেটা আমি নিজের অর্থ নিজে খরচ করলে পেতাম না৷
আসলে আমরা যতই কষ্ট করি না কেন পরিবারের লোকজন যদি সেই কষ্টটা বুঝারও চেষ্টা করে তাহলে মনের মাঝে আর কোন কষ্টই থাকে না৷ কিন্তু যদি এত কিছুর পরও ভুল বুঝে তখন আর কষ্টের সীমা থাকে না৷
আমি অনেক প্রবাসী ভাইকে দেখেছি, নিজে একটা শার্ট প্যান্টও কিনতে চায় না৷ পুরোনো পোশাক দিয়েই বছরের পর বছর চালিয়ে দেয়৷ অথচ দেশে আত্মীয়স্বজনকে দেখা যায় তার দেওয়া অর্থ দিয়ে নিত্য নতুন বাজারের সেরা পোশাকগুলো কিনে বিলাসী জীবন যাপন করছে৷
সবশেষে এটাই বলা যায়, প্রবাসীরা নিজের জন্য নয়, অন্যের সুখের জন্য জীবনের মুল্যবান সময়টা একাকী কষ্টে দূর প্রবাসে অতি কষ্টে অতিবাহিত করে৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


