" আমার বড় ছেলেটা আমার কোন আশাই পূর্ণ করতে পারলনা। গানের স্কুলে দিলাম, দুই দিন ক্লাস করার পর স্যার বিচার দিল ও নাকি ক্লাবের ক্যারামবোর্ড ভেঙ্গে ফেলসে। ফাইভে বলল বৃত্তি পাবে,কিসের??? পরীক্ষা দিয়েই প্রবেশপত্র ছিঁড়ে নদীতে ফেলে দিল। তারপর এইটের বৃত্তি। সেটাও পেলনা। এসএসসি গেল এইচএসসি গেল, কোন উন্নতি নাই। এখন যদি ভার্সিটিতে চান্স হয় তাইলেই হইসে।"
ভার্সিটি ভর্তি পরীক্ষার আগে মা হা হুতাশ করে কথাগুলো আমার এক আঙ্কেলকে বলছিল। খুব সাধারন কথা। কিন্তু লাস্টের লাইনটাই অন্যরকম। পাইলেই হইসে। খুশি!!!
স্যরি মা। এই সামান্য খুশিটাও তোমাকে দিতে পারলাম না।
আজকাল আমি কোনমতে মোটামুটি ভালভাবে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। তাও এর মধ্যে অনেক দুই নাম্বারি আছে। এর মধ্যে গত বছরের শেষের দিকে একটা কাজ করে অল্প কিছু টাকা পেলাম। বছরের শুরুর দিকে মায়ের জন্মদিন। একটা অত্যন্ত কমদামী শাড়ী কিনে মাকে পাঠালাম। জন্মদিনের দিন মা নতুন শাড়ী পড়ে অফিসে গেল। আসার পর ফোন
"এত বছর বয়সে আজকে প্রথম জন্মদিনে নতুন শাড়ী পড়ে অফিসে গেলাম। তাও আবার ছেলের দেয়া। আমি কি পরিমাণ খুশি বুঝতে পারতেসিস??? "
আমি বুঝতে পারিনাই। এখনও পারিনা। কেমন করে সম্ভব এত অল্পতে খুশি হওয়া!!!! তাই কিছু বলতে পারিনাই সেদিন। হ্যা হু করে ফোন রেখে দিয়েছিলাম।
আমি এত শয়তান হইলাম কিভাবে তা বুঝতে পারছি। আমার অত্যন্ত কম ভাল অংশটুকুও উপরওয়ালা তোমাকে দিয়ে দিয়েছেন। আমি যদি এক মুহূর্তের জন্য স্বর্গে যাই তা তোমার জন্যই যাব। মানুষ নাকি বদলায়?হাহহ। আমি বদলাইনি। বদলাব না। কুলাঙ্গারই থেকে যাব।
কিন্তু ভেবে অবাক হই, এই কুলাঙ্গার ছেলেটার কাছ থেকে কিছু না পেয়েও মা এত খুশি কেমনে হয়???
"তোমাকে অনেক ভালবাসি মা।" এটা বলার জন্যেই এত ঢং করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


