ব্যাপার দিন দিন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। হাঁচি এখন ক্রসফায়ার লেভেলের আতঙ্কে পরিনত হয়েছে।
কেউ হাঁচি দিলে তো অবশ্যই, মোটামুটি মুখ ভেঙচিয়ে হা করলেই আশপাশ জন্যশূণ্য হয়ে যাচ্ছে।
বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে দুরুত্ব বাড়িয়ে দিচ্ছে এই হাঁচি। কারো শুধু হাঁচি হয়েছে শুনলেই তাকে সচেতনভাবে এড়িয়ে চলছে সবাই।
হাঁচির সমস্যা থাকায় এখন এক ঘরে হয়ে যাবার জোগাড় হচ্ছে। আজ এক জায়গায় দেখলাম মোটামুটি ভদ্রতা বজায় রেখে ঝগড়া হচ্ছে হাঁচি দেয়াকে কেন্দ্র করে। পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুই ভদ্রলোকের মধ্যে, ভাই একটু মুখ ডেকে হাঁচি দিতে পারেন না?
ভাই সরি, তবে আমার কোনো প্রোবলেম নাই...সিম্পলি হাঁচি-ই।
না হোক, তাও ভদ্রতা বলে একটা বিষয় আছে না?
লোকটা শেষ পর্যন্ত না পেরে, ভাই আমার ভদ্রতা নাই। আমার হাঁচি আমি দিয়েছি ভালো করেছি। আবার এলেও দেব।
মোটামুটি আমার হাঁচি আমি দেব, যেখানে খুশি সেখানে দেব যুক্তি।
হাঁচি নিয়ে বেশ বিপদে আছে সবাই। তবে সবচেয়ে বিপদে আছে দেখলাম আমাদের মসজিদের কেয়ার টেকার ইব্রাহীম। ইব্রাহীমের সাথে আমার সম্পর্কটা দুতিন দিন ধরে খুব একটা ভালো না। তার উপর মেজাজ খারাপ আছে। শুক্রবার জুম্মার নামাজের আগে ব্যাপক ঝাড়ি দিয়েছি। নামাযের আয়োজনে অবহেলাজনিত কারনে।
ব্যাটা কোনো কাজের না।
আজ মসজিদের নীচে এক দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আশেপাশে অনেক মানুষ। ইব্রাহীম আমার সাথে একটু দুরত্ব বজায় রেখে দোকানের সামনে দাঁড়ালো। কিন্তু বেশি মানুষের কারনে তাকে আমার সামনে এসেই দাঁড়াতে হলো।
হঠাৎ দূর থেকে হাঁচির শব্দ। ইব্রাহীম সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুরু করল।
আমি তাকে কিছু বলবো না বলবো না করেও শেষ পর্যন্ত কৌতুহল দমাতে পারলাম না, ওই ইব্রাহীম ভাই এদিকে আসেন।
বলেন।
আপনি মসজিদে থাকেন। কামেল মানুষ। অনেক ইসলামী জ্ঞান আছে। কিন্তু এইটা জানেন না, নিজে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয় আর অন্যে দিলে...
ইব্রাহীম আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি।
তাইলে হাঁচির শব্দ শুনে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করতাছেন কেন?
আলহামদুলিল্লাহ বলতেছি শুকরিয়া করে। কারন, যেইখানে হাঁচি দিছে সেইখান থেকে আমি অনেক দূরে আছি।
ইব্রাহীমের কথা শুনে তার প্রতি আমার দুদিন ধরে থাকা বিরক্তটা হঠাৎ করে মনে হলো চলে গেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




