১.
ঘোড়ার আড়াই চাল, জানা নেই প্রিয়তমা
গজের কোনাকুনি চালেও ওয়াকিবহাল নই।
মন্ত্রির মত চৌকষ চালও
আমার করায়ত্ত নয়।
কিস্তির খাড়া চালে তোমার সামনে দাড়াই।
তবু হায় - আমারই হয় 'চেক মেইট' ।
২.
নিখুঁত হাইপারমেট্রপিয়ায় ভুগছি প্রিয়তমা।
যত দূরে যাও স্পষ্ট হও, কাছে ক্রমশ অস্পষ্ট ।
মাইওপিয়ায় ভুগতে চাই আমিও,
কথা হবে রেটিনায় রেটিনায়।
৩.
হেলেন, তুমি দিনবাদিন বড্ড বেশি
জটিল হয়ে উঠছ ।
গ্রীক পূরানের পাতায় থাকলেই বুঝি অমন
গ্রীক হয়ে উঠতে হয় ?
বের হয়ে এসো ওই পুরোনো জঞ্জাল থেকে।
আমায় বরং একখানা হৃষ্টপুষ্ট চুমু
খাইয়ে ইমমর্টাল করে তোলো ।
৪.
প্রিয়তমা বিশ্বাস করো সত্যিই আমি খুব তুমিগ্রস্ত ।
এখনো-তখনো । আজকাল,
জোছনা আর বৃষ্টির মিলিত অভিশাপ খেয়ে
পিনিকপ্রাপ্ত হয় তোমার আমার অনাকাঙ্খিত দূরত্ব।
৫.
এক পেগঘুমের অর্ডার দিয়ে টেবিলে বসে আছি,
রাতের মূর্ছনায় স্বপ্নের অশ্লীল নৃত্য আর ভালো লাগে না।
৬.
বন্ধুর পথ, মিলিটারি প্রহরা, মেটাল ডিটেক্টর হাতে সামরিক
বাহিনীর সন্তরপন আনাগোনা।
পৃথিবীর সবচে ভারী টি এন টি সমৃদ্ধ মাইন বুকের ভেতরে
নিয়ে আমি চলছি।
ঘড়ির কাটা হামারের বারি মারছে মৃত্যু ঘণ্টায়,
জলদি হাত চেপে ধরো প্রিয়তমা, এ মাইন রিফিউজ করা অতি প্রয়োজন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


