জাহাঙ্গীর বাবু

যখন সময় কাটে দুরন্তপনায়,
তখন এসেছিলাম প্রবাসে।
বছর পেরুতেই সন্তান হয়েও
অলিখিত অভিভাবক পরিবারের।
বাবার পকেট থেকে দু'চার টাকা সরানোর
কথা মনে হলেই বুকে বজ্রপাত,চোখে বর্ষা।
সময়ের চাকা ঘুরে ক্যালেন্ডার কখন বদলায়
সালের অংকটা বুঝতেই পারিনি।
যৌবণ আগুন জ্বালিয়েছে বহুবার
হাতুড়ির তালে,ব্রেকারের ফালের কম্পনে
নোনা জল ঝরিয়ে হয়েছি শান্ত।
ফাগুনের আগুনে বসন্তের হিমেল দখিনা হাওয়ায়,
এক অবকাশে,হঠাৎ তুমি এলে ,
স্পর্শে বুঝিয়ে দিলে আমি পুরুষ।
অচেনা অজানা বুকের জমিন,
কবুল নামের দস্তখতে রেজিস্ট্রি আমার নামে।
আমি বিক্রি হলাম ভালোবাসার দামে।
আমি পৌরষত্বের অহংকারের অবুঝ শিশু
তোমার প্রেমের কুটিরে।
আদরেই শান্ত,ছোঁয়াতে শিহরিত তৃপ্তি।
অবকাশ সময়ের অন্তিম লগ্নের সেই রুপালী রাত;
চাঁদ, জল, জোছনার দ্রবনীয় রজনীর
অশ্রু ধারায় প্লাবিত হয়েছিল হৃদয় জমিন।
বিদায়ের সানাই বিউগলে বাজিয়েছিলো করুন আর্তনাদ।
বলেছিলে, যেওনা,কষ্ট হবে।নির্বাক থেকেছি।
লাগেজ ব্যাগটা হাত থেকে নিয়ে
পাদুকার ধাপে বিমান বন্দরের মসৃন মেঝের উপর,
নিয়েছিলাম প্রতিশোধ,ফিরেও তাকাই নি।
বুকে রক্ত ক্ষরণ হয়েছিলো সে দিন।
তার পর সময় এসেছে ছুটে গিয়েছি,
ফিরে এসেছি।ছুটে গিয়েছি,ফিরে এসেছি।
কষ্ট হয়েছিলো, বিধাতার নির্মম পরিহাসে,
পৃথিবীতে কাঁদতে পারেনি তোমার আমার মিলনের ফসল।
মানুষের সুঁই কাচির আঘাত সয়েছে কচি মাংসের দলাটা,
আমার ঔরষে বেড়ে উঠেছিলো তোমার মাতৃত্বের জঠরে।
এলো, ফিরে গেলো আপন ঠিকানায়।
ছুটে যেতে পারিনি,তোমায় দেখব বলে,
যখন ছিলে হাসপাতালের বিছানায়।
কিছু সময় আছে, মানুষের চেয়ে অর্থের পৌছানো চাই গন্তব্যে।
সে দিন আমি মানুষ ছিলাম,অর্থ নয়,অর্থই গিয়েছিলো সে দিন।
মাটির কবরের কাছে যতোটা না কেঁদেছি,
তার চেয়ে বেশি কেঁদেছি প্রবাসের রাস্তায়,
শান্তি খুঁজেছি শারাবের সুরায়।
অভিযোগ তোমার,ভালোবাসিনি তোমায়
তাই দূরে থাকি, ভালোবাসা কি জানো?
ভালোবাসা মানে বিশ্বাস,ভালোবাসা মানে সন্মান।
বিশ্বাস, সন্মান শতভাগ দিয়েও অপরাধী আমি,
কারণ, আমি প্রবাসী,দূরে থাকি।
তোমার জন্য আমি এক,আমার জন্য তুমি,
তুমি ছাড়াও আছে রক্তের ধারাবাহিকতার অনেক।
তথাপি, এবার,বিদায় জানালাম প্রবাসকে।
আসছি তোমার কাছে।
যদি পারো বিশ্বাস রেখো,আগলে রেখো ভালোবাসায়,
অর্থের কাছে যেন পরাজিত না হয় ভালোবাসা।
বাবর আলী কহে,
প্রবাসী আবার আসবে ফিরে,এ পথ ওয়ান ওয়ে।
বিদায় শুধুই কফিনে,দু চার বেঁচে যায় ভাগ্যের জোরে।
১২-২-২০১৮ ইং
সিঙ্গাপুর
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



