গভীর রাতের ভেতর ঘুম জমা রেখে
শুনি টিকটিকির ডাক
ঘুম গাড়ির শব্দ
ছুটে চলা গাড়ি;
নিঝুম নিঃশব্দ কিছু নাই,
শহর এমনই,
তাকে এক হত্যাকারী ভাবতে পেরে
ভালো লাগে,
ভালো লাগা মাটিতে শান্তিগাছ রুয়ে
বলি আমি, গোলামি আর ভালো লাগে না,
অসহ্য অসহ্য বোধ হয়
সেই সব মানুষের মুখ
ওষ্ঠ ভরা কুষ্ঠ
দালালের চোখের মতো,
পীড়িত মনের ক্ষুধার মতো
থুতু আর ঘৃণায়
রাস্তার এক দলা কফের মতো।
হায়! নতুন শার্ট পরা মিথ্যা
মৃত্যু
সোহাগ ভরা পকেট ভরা মিথ্যা
মৃত্যু
এসব ছেড়ে চলে যাব
ঠিক প্রেমিকার সাহসের মতো
নতুন স্বপ্নের মতো।
এ নগর আমার মায়ের মতো নয়
এখানে মায়ের কান্নার মতো পিঁচুটি জমে,
একদিন চলে যাব, যাব ঠিক,
সন্ধ্যার ডাস্টবিন নগর কুষ্ঠ ছেড়ে
তক্ষকের ডাকের মতো উড়ে উড়ে
হৃদয়ের কাছে
আমার হৃদয়! তোমার হৃদয়!
২৫ মে, গভীর রাত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



