ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আশ্বাসকে সাধুবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই আশ্বাসকে বাস্তবে রূপায়িত করতে অনতিবিলম্বে টিপাইমুখ প্রকল্প বাতিল করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
টিপাইমুখ প্রকল্প নিয়ে সংগৃহীত তথ্য-উপাত্ত উপস্থাপন নিয়ে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
হোটেল শেরাটনে বিকালে এ অনুষ্ঠান শুরু হয়।
খালেদা জিয়া টিপাইমুখ প্রকল্পের বিষয়ে সরকারকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, আর নত হওয়ার প্রয়োজন নেই।
মিশরে জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে (ন্যাম) ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর এমন কিছু ভারত সরকার করবে না।
সাবেক সচিব আ ন হ আখতার হোসেন অনুষ্ঠান টিপাইমুখ নিয়ে বিভিন্ন তথ্যউপাত্ত তুলে ধরেন।
তিনি বক্তব্যের শুরুতেই বলেন, ভারতে সরকার বদলের সঙ্গে সঙ্গে নীতি বদল হয়।
ভারত দ্বৈত নীতি অনুসরণ করছে অভিযোগ করে তিনি বলেন, "তবে পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারতে নীতি খুব একটা পরিবর্তন হয় না।"
সাবেক সচিব নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের পানি সংক্রান্ত চুক্তির উল্লেখ করে বলেন, দুটি দেশই দুর্বল এবং এ সব চুক্তি ভারতের পক্ষে।
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বিষয়ে তিনি বলেন, দুই দেশের যৌথ নদী কমিশন অত্যন্ত দুর্বল। আলোচনার ক্ষেত্রে এর কোনও নির্বাহী ক্ষমতা নেই। মূলত রাজনৈতিক বিবেচনা এক্ষেত্রে কাজ করে।
অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, হাফিজউদ্দিন আহমেদ প্রমুখ।
টিপাইমুখ পরিদর্শনে সংসদীয় একটি প্রতিনিধি দল এ মাসেই ভারত যাচ্ছে। তাতে বিএনপি অন্তর্ভুক্ত হয়নি। তারা প্রকল্প পরিদর্শনে দলের সহ-সভাপতি এম কে আনোয়ারের নেতৃত্বে আলাদা একটি দল পাঠানোর জন্য সরকারের কাছে প্রস্তাব রেখেছে। তবে এতে এখন পর্যন্ত সাড়া মেলেনি।
ভারতের মনিপুর রাজ্যে টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশে ক্ষোভ-বিক্ষোভ চলছে। দীর্ঘ দিন পর স¤প্রতি ভারত বাংলাদেশকে প্রকল্পের বিষয়ে তথ্য-উপাত্ত দিয়েছে।
অনেক বিশেষজ্ঞ বলছেন, টিপাইমুখ প্রকল্পের ক্ষতিকর প্রভাব পড়বে বাংলাদেশের ওপর।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


