নারায়ণগঞ্জ (২২ অক্টোবর): আইটি বিশেষজ্ঞ শামা ওবায়েদ দাবি করেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরশেন নির্বাচনে যেসব ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে সেগুলো দিয়ে কারচুপি ও হ্যাকিং করা সম্ভব।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যে ২ লাখ ইভিএম মেশিন তৈরি করেছে তার মধ্যে যে কোনো একটি মেশিন আমাকে মাত্র সাতদিনের জন্য দিলে আমি হ্যাকিং প্রমাণ করে দেব। এ মেশিন কখনোই শতভাগ হ্যাকিংমুক্ত নয়।’
শুক্রবার সন্ধ্যায় ইভিএম মেশিন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের ব্যক্তিগত শুনানি শেষে সাংবাদিকদের শামা ওবায়েদ এ কথা বলেন।
শামা ওবায়েদ বিএনপির প্রয়াত নেতা কে এম ওবায়দুর রহমানের মেয়ে এবং দলের একজন সক্রিয় সদস্য।
তবে এ ইভিএম মেশিনের উদ্ভাবক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশলী এস এম লুৎফুল কবির বলেন, ‘ইভিএম মেশিন দিয়ে হ্যাক করা গেলে তা তাৎক্ষণিক ধরা পড়ে যাবে।’
ইভিএম নিয়ে মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সংবাদ মাধ্যমে দেওয়া একটি বক্তব্যেরর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে শোকজ করেন। এ ব্যাপারে তৈমুর ব্যক্তিগত শুনানির আবেদন করেন নির্বাচন কমিশনে।
শুক্রবার বিকেল চারটায় ছিল এ শুনানির সময়।
বিকেল ৪টা ২০ মিনিটে শহরের চাষাঢ়ায় জেলা পরিষদের ডাক বাংলোতে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে শুরু হয় শুনানি। এতে তৈমুরের পক্ষে আইটি বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ইভিএম এর উদ্ভাবক বুয়েটের প্রকৌশলী এস এম লুৎফুল কবির। এসময় সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান, তৈমুর আলম খন্দকারসহ অন্যরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা এ শুনানি চলে।
শুনানি শেষে সাংবাদিকদের কাছে শামা ওবায়েদ বলেন, ‘বুয়েট যে ইভিএম মেশিন তৈরি করেছে সেটা ভারতে তৈরি একটি মেশিনের আদলে তৈরি করা হয়েছে। আমি ভারতের ওই মেশিন ও অন্য মেশিন দিয়ে দেখিয়েছি কীভাবে ভোট কেন্দ্রে আসার আগেই হ্যাক ও টেস্পারিং করা হয়। কারণ এ মেশিনে পুনরায় গণনার কোনো সিস্টেম নেই। ফলে কোনো প্রার্থী যদি কারচুপির অভিযোগ তুলে সে ক্ষেত্রে আবারও শুদ্ধ গণনার কোনো সিষ্টেম নেই। গণনা হলেও হ্যাকিং করা সিস্টেমেই কাউন্ট হবে।’
শামা ওবায়েদ বলেন, ‘বুয়েটে ইভিএম মেশিন তৈরির পর সেটা দেশে কিংবা বিদেশ অন্য কোনো স্থানে আর পরীক্ষা করা হয়নি। ফলে এ মেশিনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত হবে নির্বাচনের মত স্পর্শকাতর জায়গাতে ব্যবহার করার আগে জনগণের মাঝে এ মেশিন ছেড়ে দেওয়া।’
শামা চ্যালেঞ্জ করে বলেছেন, ‘নির্বাচন কমিশন ২ লাখ ইভিএম তৈরি করেছে। তার মধ্য থেকে যে কোনো একটি মেশিন সাত দিনের জন্য দিলে আমি এর কারচুপি ও হ্যাকিং প্রমাণ করতে পারবো।’
শুনানি শেষে ইভিএম মেশিনের উদ্ভাবক এস এম লুৎফুল কবির সাংবাদিকদের বলেন, ‘যেকোন মেশিনেরই সুবিধা-অসুবিধা আছে। আমরা দীর্ঘ গবেষণার পর অসুবিধাগুলো দূর করে এই মেশিন তৈরি করেছি। হ্যাকিং প্রতিরোধে মেশিনের ভেতরে বিশেষ একটি ডিভাইস বসানো রয়েছে। তারপরও কেউ হ্যাকিং করতে চায় তাহলে সেটা ধরা পড়ে যাবে। তখন মেশিন সতর্কীকরণ শব্দ করবে।’
তিনি বলেন, ‘এ মেশিনে তিনটি ডিসপ্লে রয়েছে। কোনো কারণে কোনো সমস্যা হলে অন্য দু’টি ডিসপ্লেতে বোঝা যাবে। ভোট কেন্দ্রে থাকা প্রার্থীদের পোলিং এজেন্টরা এ বিষয়টি ধরতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘বুয়েট মেশিনটি উদ্ভাবন করলেও অন্যান্য সংস্থার বিশেষজ্ঞরা মেশিনটি পরীক্ষা করেছে।’
এ ব্যাপারে রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান সাংবাদিকদের জানান, তৈমুর আলম খন্দকার ও তার সঙ্গে আসা তাদের বিশেষজ্ঞ এ মেশিনে হ্যাকিং সম্ভব দাবি করে মেশিন চেয়েছেন। তৈমুর সাহেব ও তার বিশেজ্ঞদের বলা হয়েছে নির্বাচন কমিশনের কার্যালয়ে এসে তারা যত খুশি তত পরীক্ষা করতে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে।
তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে ইভিএম মেশিন চেয়েছি। এ মেশিন আমরা হাতে পেলে সাতদিনের মধ্যে হ্যাকিং ও কারচুপি প্রমাণ করতে পারবে আমাদের বিশেষজ্ঞরা।’
তিনি বলেন, ‘চট্টগ্রামে নির্বাচনে ১ কেন্দ্রে ইভিএম মেশিন ব্যবহার করা হয়েছে। কিন্তু পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জের নয়টি কেন্দ্রে ইভিএম মেশিন ব্যবহার করা হবে। আর এসব কেন্দ্রগুলোর এলাকাতে আমার প্রচুর ভোট রয়েছে।’
নারায়ণগঞ্জে দু’টি কেন্দ্রে ইভিএম মেশিন ব্যবহারের দাবি করেন তৈমুর।
তিনি আরো বলেন, ‘ইভিএম মেশিনে ভোট দেওয়া নিয়ে অনেক প্রশিক্ষণ ও প্রদর্শণী চলছে। কিন্তু এতে সাধারণ মানুষ এসে ভোট দিতে পারছে না। প্রশিক্ষণেই যদি ভোট দিতে না পারে তাহলে ভোটের দিন কীভাবে দেবে।’
এ কারণেই সকলের স্বার্থে ইভিএম পদ্ধতি বাতিল করা প্রয়োজন বলে দাবি করেন তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের মধ্যে নয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে। ওয়ার্ডগুলো হলো ৭, ৮, ৯, ১৬, ১৭, ১৮, ২২, ২৩, ও ২৪ নম্বর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



