কাফন জড়ানো হাসপাতালের
দুগ্ধ সফেদ বিছানা
মরচে পরা লোহার খাটিয়া গুলো
মৃতের মত পরে আছে নিথর
জীবিতের অপেক্ষায় ।
জরা ,কাতর রোগের বাসা নিয়ে
দুরেই পরে আছে লাশকাটা ঘর ,
তাকেও লাগছে আজ মৃত ।
লাশকাটা ঘরেরও কি মৃত্যু হয় ?
ক্ষণিকের জন্য ।
চিরতরে নিভেনা সেই আলো
কখনও কোনদিন ।
সুরতহালের নাটক চলে বারংবার
জীবিত আর মৃতের চলে অনবদ্য অভিনয়
শুধু নিভে যাই আমরা ,
নিভে গেলে আর জ্বলতে পারিনা
জ্বালাতে পারিনা নতুন জীবনের আলো ।
কিন্তু লাশ কাটা ঘর ,
আবার জেগে উঠে , উঠবে প্রতিদিন
সামনেই সবুজের হাতছানি
গালিচা পাতা দূর্বা চাদর
ঘাস দূর্বা বিচালির খুনসুটি
বাতাসে ভাসে আগর লোবানের ঘ্রান
জীবনের ছন্দগুলো ম্লান হয়ে নীরবে
ঢোকে কফিনে ।
আজ দেখি কফিন গুলোও মৃত
অবাক চোখে দেখি
আর ভাবি কফিনেরও মৃত্যু হয় !
কফিনও পরে থাকে শবহীন পরিত্যেক্ত
যে ভাবে পরে থাকি আমি,তুমি ও সে
প্রাণহীন ,ছন্দহীন আর অর্থহীন
মৃতকাব্য হয়ে ।
সময়কালঃ আট /দশ /চৌদ্দ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



