আমাকে কেউ কখনও পায়নি,পাবে না জানি;ব্যর্থ অনুসন্ধান
কখনও আমি নদীতে ডুব সাঁতার দেইনি;ডুবে যাব বলে,
সাঁতার শেখা হয়নি আমার,নদী আমাকে পায় নি।
নদী তুমি আমাকে অভিশাপ দিও না;আমাকে কেউ কখনও পায়নি।
ছোট বেলায় আফজাল আমাকে ওর ফুটবল টিমে চেয়েছিল;
আমি যাই নি,আফজালের টিম ফাইনালে হেরে যায়।
আফজাল জানে না আমি কারো কাছে যাই না
আফজাল এখনও আমাকে দোষারোপ করে,আমি হাসি
আমি কখনও কারো কাছে যাই নি,কেউ কখনও আমাকে পায় নি।
আমি সব সময় একা থাকতে চেয়েছি;আমার মত করে
আমি নিজেকে কখনও মায়ার জালে আবদ্ধ করিনি
পরিচিত দরজায় আমি কখনও কড়া নাড়ি নি।
তুমি বিশ্বাস করো কোন পরিচিত মুখ আমার মনে কখনও ভেসে উঠে নি।
একমাত্র তোমাকে যখন দেখি;বেহুলার মত নৃত্যরত
আমি ভুলে যাই সব,ভুলে যাই নদীকে আফজালকে
যদিও তাদের ভোলার দরকার ছিল না,তারা বিস্মৃত
তবু আমি ভুলে যাই, ময়নার ছলাত ছলাত নৃত্যে ভুলে যাই
হাটু গেড়ে বলতে ইচ্ছা করে,আমাকে কেউ কখনও পায় নি
আমি কারো কাছে কখনও যাই নি,কিন্তু তোমার কাছে যাব
তুমি কি আমাকে ফিরিয়ে দেবে,ময়নার নাচ কি থামবে না কখনও
তুমি কি একবারের জন্যও থামবে না ময়না
তোমার কি কোনো সময় হবে না কখনও আমার কথা শোনার।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


