রাজধানীর মুখ
তানিয়া মমিন মৌরী: পরনে মাঝারি গোছের সালোয়ার কামিজ, কপালে টিপ, দেখলে ভিক্ষুক মনে হবে না অথচ ভিক্ষাই তাদের একমাত্র পেশা। এ পেশা ছাড়া অন্য কোন পেশা তাদের নেই। এই একটি মাত্র পেশার উপর নির্ভর করে কেটে যায় পুরোটা জীবন। মগবাজারের চেয়ারম্যান গলিতে একটা জরাজীর্ণ ঘরের সেই ছোট থেকে যৌবনে পা দিয়েছে রত্না, সূচনা, কণার মতো অনেকেই। যারা সমাজে হিজড়া নামে পরিচিত। শক্তি সমর্থ আছে তারপরও ভিক্ষা করেন কেন? এ প্রশ্নের জবাবে তারা জানান, আমাদের কেউ কাজ দিতে চায় না। দুর দুর করে তাড়িয়ে দেয়। সবাই ঘৃণা করে। বাধ্য হয়েই ভিক্ষা করতে হয়। সারা দিন রোদ-বৃষ্টিতে পুড়ে যে টাকা পাই তা জমা দিতে হয় সর্দারনীর কাছে। সেখান থেকে ভাগ পাই যৎসামান্য। যদি ভাগ না দেই তাহলে সর্দারনী মারে, চুল কেটে দেয়। সর্দারনী নাজমা বেগমের অধীনে ওরা সাত-আটজন থাকে। সকাল হলেই ওরা ছড়িয়ে পড়ে শহরের আনাচে-কানাচে। তারপর নানা কৌশল চালিয়ে ভিক্ষা আদায় করে। কখনও নাচ দেখিয়ে, কখনও গান শুনিয়ে। আরও কত কি! আনন্দ ফুর্তি বলতে মাঝে মাঝে নিজেরাই ঢাকঢোল বাজিয়ে নিজেদের আস্তানায় আসর বসায়। নাচে-গানে ভাসিয়ে দেয় নিজেদের। কখনও প্রেম করেছেন এমন প্রশ্নের উত্তরে পঞ্চাশ- ঊর্ধ্ব সূচনা জানান, দশ বছর আগে এক লোকের প্রেমে পড়েছিলাম। তারপর ভাবলাম কি লাভ। এক সময় নিজেই সরে দাঁড়ালাম। এখন আর এসব নিয়ে ভাবি না। একদিকে সর্দারনীর জুলুম অন্যদিকে মানুষের ঘৃণা এ নিয়ে জীবন কেটে যচ্ছে। এ কথাগুলো বলার সময় সূচনার চোখ জলে ভরে উঠেছিল।
সৌজন্যঃ মানব জমিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

