সেদিন ছুটির পর সুনামগঞ্জ সরকারি জুবিলী স্কুল থেকে বন্ধু-বান্ধবদের সঙ্গে হইচই করে বাড়ি ফিরছি। হঠাৎ শুনি ঢোলের পাগল করা আওয়াজ। আর যাই কোথা, এক দৌড়ে উপস্থিত বিডি হল অডিটরিয়ামে। প্রচণ্ড ভিড়, কোনো এক রাজনৈতিক দলের সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢোল, খঞ্জনি, দোতারা বাজছে আর তার মাঝে এক দীপ্তমান পুরুষ উদাত্ত কণ্ঠে বেহালা হাতে গান গাইছেন 'গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান' দর্শকরা পাগলপারা, কোনো কিছুই যেন বাধ মানছে না। কি করব আমি? মন চাইছে দৌড়ে উঠে যাই ঐ মঞ্চে, নেচে গেয়ে মিশে যাই তাদের দলে। কিন্তু একটি কিশোর ছেলের সে আশা আশাই থেকে যায়। অনুষ্ঠান শেষে বারবার মনে হতে থাকে, কে এই গায়ক? এমন হৃদয়ছোঁয়া সুরে-কথায় গান গায় কী করে? ১৯৭৮ সালের সেই ঘটনার উত্তর পেয়েছি বহু পরে, জানতে পেরেছি কে তিনি। তিনি ছিলেন আমাদের বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম। আমাদের সবার প্রিয় করিম ভাই।
ছোটবেলা থেকেই হাটে-মাঠে গান শুনে বড় হওয়া এই আমি বরাবরই চেষ্টা করতাম সেই গ্রাম্য সুর তুলে রাখতে পিয়ানোতে, হারমোনিয়মে। গায়ক হবো কখনো ভাবিনি। প্রাণের টানে গান গেয়েছি, এখনো গাইছি। সেই মোঠোসুরের টানের জন্যই বন্ধু-বান্ধব আর স্বজনদের কথায় দুঃসাহস করে যখন অডিও অ্যালবামের কাজ শুরু করি তখন আধুনিক গানের পাশাপাশি থাকে হাছন রাজা, রাধা রমন, আরকুম শাহ, সৈয়দ শাহনূর আর করিম ভাইয়ের গান।
১৯৮৫ সালে আমার আর এক প্রিয়জন প্রয়াত মমিনুল মউজদীনের উদ্যোগে সুনামগঞ্জে তিন দিনব্যাপী হাছন উৎসব হয়। আয়োজকদের ভেতর ঢাকা থেকে বন্ধু ফজলুল কবির তুহিন, পীর হাবিবুর রহমান, সালাম তালুকদার আর আমি ছিলাম। আমার ওপর দায়িত্ব ছিল হুমায়ূন আহমেদকে অতিথি করে সে অনুষ্ঠানে নিয়ে যাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুলস্নাহ হলের হাউস টিউটর ছিলেন হুমায়ূন আহমেদ। আমি সেই হলের ছাত্র হিসেবে তার স্নেহধন্য হয়েছি। সেই সুবাদে এই দায়িত্ব।
তিনি গেলেন সেই উৎসবে, আরো গেলেন সাংবাদিক সালেহ চৌধুরী। সালেহ ভাই আমাদের বললেন তোমরা হুমায়ূন আহমেদের সঙ্গে করিমকে পরিচয় করিয়ে দাও। আমরা তাই করলাম। সুনামগঞ্জ সার্কিট হাউসের ডাইনিং রুমে বসে একটার পর একটা গান সালেহ ভাই অনুরোধ করলেন, করিম ভাই গাইলেন, আমরা শুনলাম মন্ত্রমুগ্ধের মতো। তারপর যখন হুমায়ূন স্যারের নাটকে আমার গাওয়া 'আইজ পাশা খেলবো' গান প্রচার হয়ে সারা দেশ তোলপাড় করে তখন আমি সাহস পাই পুরো একটা লোকগানের অ্যালবাম করার। তরুণ সঙ্গীত পরিচালক আবিদ রনীকে নিয়ে করলাম রূপসাগরে অ্যালবাম। সেই অ্যালবামে গাইলাম করিম ভাইয়ের গান 'কেমনে ভুলিব আমি' আর 'কুঞ্জ সাজাও গো'। 'কুঞ্জ সাজাও গো' এই গান বাংলাদেশ টেলিভিশনে প্রচারের পর লোকমুখে ফিরতে থাকে।
একদিন সিলেটে হঠাৎ করে করিম ভাইয়ের সঙ্গে দেখা, জড়িয়ে ধরে আমাকে বললেন বহু গায়ক আমার গান গেয়েছে কিন্তু আপনার কণ্ঠে এই গান আমাকে নতুন করে সারা দেশে পরিচয় করিয়ে দিয়েছে। আমি বললাম_ আলস্নাহর ইচ্ছা, আর আপনি এখনো আমাকে তুমি বলতে পারলেন না। দুঃখের ব্যাপার।
হঠাৎ একদিন তুহীন এবং আমাকে হুমায়ূন স্যার ডেকে পাঠালেন। যাওয়ার পর বললেন আমি শাহ্ আব্দুল করিমের ওপর একটা অনুষ্ঠান করতে চাই নুহাশ চলচ্চিত্রের ব্যানারে, তোমরা আয়োজন করো।
১৯৯৭ সাল, না আছে মোবাইল না আছে ফোন। তুহীন আর আমি বহু কষ্টে সেই উজানধল থেকে করিম ভাইকে ঢাকায় আনার ব্যবস্থা করি। তার লেখা সুর করা পাঁচটি গান পছন্দ করা হয়, রেকর্ড করা হয় মকসুদ জামিল মিন্টুর সঙ্গীত পরিচালনায়।
সুবীর নন্দী, বেবী নাজনীন, দিলরুবা খান, তুহীন আর আমি গাইলাম গানগুলো। ডিভিও চিত্রও বানানো হয়। গানের ফাঁকে সাক্ষাৎকার নেয়া হয় করিম ভাইয়ের। সাক্ষাৎকার নিলেন আমাদের অত্যনত্দ প্রিয় একজন অভিনেতা আবুল খায়ের, যাকেও আমরা হারিয়েছি। সাক্ষাৎকার পর্বের সুটিংয়ের পরে করিম ভাইকে নিয়ে যখন হোটেলে ফিরছি। তখন তিনি অঝোরে কাঁদছেন আর গাইছেন, 'আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছোঁয়ো না গো সজনি'।
বাংলাদেশ টেলিভিশনে সেই অনুষ্ঠান প্রচারিত হলো। এই প্রথম সারা দেশের মানুষ দেখল এই গুণী মানুষটিকে। তারপর যখনই করিম ভাই ঢাকায় আসতেন। আমাকে ফোন করতেন, আমিও ছুটে যেতাম মনের টানে বা সিলেট গেলে দেখা হয়ে যেত তার সঙ্গে।
২০০৬ সালে বন্ধু সাহেদ আলী এক বিশাল অনুষ্ঠান আয়োজন করে লন্ডনে। অনুষ্ঠানের স্থান হলো রানি ভিক্টোরিয়ার বাড়ির উঠোনে। আমাকে বলা হলো করিম ভাইকে নিয়ে যেতে সেই অনুষ্ঠানে। আমি বললাম, তিনি তো অসুস্থ। তারপরও নাছোড়বান্দা আয়োজকের পিড়াপিড়িতে তার ছেলে নূর জালালকে ফোন করলাম। করিম ভাইকেও বললাম। তিনি রাজি হলেন আমি যাব শুনে। গেলামও সেখানে, কিন্তু অনুষ্ঠানের আগের রাতে অসুস্থ হয়ে পড়লেন তিনি। নিয়ে যাওয়া হলো পৃথিবী বিখ্যাত রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসা চলল দীর্ঘদিন। তার চিকিৎসার জন্য আমরা অনুষ্ঠান করলাম চ্যানেল এস-এ। চিকিৎসাশেষে ফিরে এলেন দেশে। তারপর প্রায়ই নূর জালালের সঙ্গে আলাপ হয়। গত করিম লোক উৎসবে আমার যাওয়ার সবকিছু পাকাপাকি। কিন্তু জামালপুর থেকে অনুষ্ঠান করে ফিরতে দেরি হওয়ায় হলো না যাওয়া। বিধিবাম, দেখা হলো না করিম ভাইয়ের সঙ্গে, আর দেখা হবেও না।
এখন তার কুঞ্জ সাজানোর পালা, তার প্রাণনাথ হাত ধরে তাকে নিয়ে যাচ্ছেন তার কাছে, সুখে থাকো করিম ভাই, তোমার প্রাণনাথের কাছে।
আমাদের সময়ের সৌজন্যে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



