বাংলার বাঘ একটা চায়ের দোকানে বসে বিড়ি টানছিলো লুঙ্গি হাঁটুতে তুলে বসে। কয়েকটা শিয়াল এসে গল্প জুড়ে দিয়েছে তার সাথে। তার মধ্যে একটা আবার কাগজে ল্যাখেট্যাখে। তো সে বললো, "মামা, আপনি নাকি দেশবিদেশের অনেক সিংহের ইজ্জত লুটসেন, কথাটা কি সত্য?"
বাঘ উদাস হাসে বিড়িতে টান দিয়ে। "যা রটে তার কিছুটা তো বটে! এ দেশে যে সিংহ কেন নেই, সেটা তোদের বুঝতে হবে তো!"
শিয়ালেরা রগরগে গল্পের গন্ধ পেয়ে লেজ নেড়ে চেড়ে বসে। "য়্যাঁ? বলেন কী?"
বাঘ বিড়ির ধোঁয়া ছাড়ে আনমনে। "এই তো, গেলো মাসে লঙ্কা থেকে এক সিংহ এসেছিলো। তো, দিলাম ওর বারোটা বাজিয়ে!"
শিয়ালেরা হু হু হু হু করে হেসে ওঠে। "য়্যাঁ? বলেন কী?"
বাঘ বিড়িটা টোকা মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। "আরে আজ বেহানবেলাতেই তো, কেনিয়ার একটা সিংহ এসেছিলো। তো, ওরও বারোটা বাজিয়ে দিলাম!"
শিয়ালেরা এক পাক নেচে নেয়। "আরে সাব্বাশ! বলেন কী?"
কিন্তু এর মধ্যে এক বেরসিক শিয়াল বলে ওঠে, "বৃটিশ সিংহের তো খুব নাম ডাক শুনি। তো মামু, ওর কী করলেন?"
বাঘ একটু গম্ভীর হয়ে যায়। বলে, "এখনও নাগালে পাইনি ব্যাটাকে। তক্কে তক্কে আছি। ধারেকাছে তো ঘেঁষে না ব্যাটা! আসুক নাগালের মধ্যে, দেখি কী হয়!"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



