সহৃদয় কতর্ৃপক্ষ ভাই,
খুব পেরেশানির সাথে লক্ষ করছি যে, "সপ্তাহের" "সেরা" ব্লগার হিসাবে আপনারা আমাকে একরকম জোরজার করিয়া গেরেফতারপূর্বক চতুষ্কোণে আঁটিয়া সামহোয়্যার ইন ব্লগের নীড়পাতায় টাঙ্গাইয়া দিয়াছেন। ইতিপূর্বে আরো অনেক হতভাগা আপনাদের রিমান্ডের বলি হইয়াছে। তাহাদের কাতারে সামিল হইয়া খুব যে খারাপ লাগিয়াছিলো তাহা নহে, ভাবিয়াছিলাম, সাত দিনের মামলা, তিনদিন বাদেই আমার খোমাদর্শনে বিরক্ত ব্লগারুদের মেইল হামলায় পর্যুদস্ত হইয়া আপনারা আমাকে খেদাইয়া দিবেন, যে যা-ই বলুক, এই বীভৎস বদখদ চেহারা কাঁহাতক সহ্য করা যায়?
উপরন্তু আমার বদভ্যাস হইতেছে চেনা-অচেনা-চিনিচিনিসন্দেহজনক আবালবৃদ্ধবণিতাকে (বণিতারা অনুপাতে ভারি) সামহোয়্যার ইনে ব্লগাইবার নিমন্ত্রণ জানানো। কিন্তু আপন চেহারাটি উপরে লটকাইয়া উহাদের আমন্ত্রণ জানাইয়া বড়ই বাটে পড়িয়াছি। অধিকাংশই আমার এই কীর্তিকে আত্মপ্রচারের ব্যর্থ চেষ্টা বলিয়া সাব্যস্ত করে, এবং নানাবিধ: অপমানসূচক বাক্যালাপ করিয়া, এই ব্লগ হইতে শতহস্ত দূরে থাকিবে সেই অভিপ্রায় ব্যক্ত করিয়া ফোটে। জনৈকা রূপসী কিশোরী আমাকে প্রায় মারিতে উঠিয়াছিলো, বলে আপনি এতো শোঅফ করেন কেন? আরেক উদ্ভিন্নযৌবনা বালিকাকে পাকড়াইয়া সরলচিত্তে ইউআরএলটি হস্তান্তর করিয়াছিলাম, সে নীড়পাতা খুলিতে না খুলিতেই হাসিয়া খুন, বলে আপনি পারেনও, এক কাজ করেন, ইত্তেফাকে ছবি দিয়া বিজ্ঞাপন দেন, টাকাপয়সা যা লাগিবে চান্দা তুলিয়া দেয়া হবে আপনাকে। আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই রূপে আমার ইজ্জৎ সামান্যই বাড়িতেছে।
অপমানে আমি আজ জর্জরিত। সাত দিনের কড়ার করিয়া আপনারা দশবারো দিন হইয়া গেলো ঝুলাইয়া রাখিয়াছেন আমাকে। জরৈক সহব্লগারু মত দিয়াছেন, আমার বাক্সবন্দী ছবিটির চুলে নাকি পাক ধরিয়াছে, কারণ উহার বয়স কম হয় নাই!
তাই কতর্ৃপক্ষ ভাই, আপনার নিকট সনির্বন্ধ অনুরোধ করিয়াছি, আমাকে সপ্তাহের সেরাত্ব হইতে মুক্তি দিন, অথবা অগণিত বালিকাকিশোরীযুবতী যাহাদিগকে আমি ব্লগাইতে ফসলাইবো, তাহাদের জন্য ফুটনোট দান করুন, এই মর্মে যে আলোচ্য আমি স্বেচ্ছায় সেরাত্ব বরণ করি নাই, ইহা আপনারা আমার উপর চাপাইয়াছেন।
ভবদীয়
হিমু
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




