বৃষ্টির তেজ বাড়ছে, ঘড়ির কাঁটাও দৌড়াচ্ছে নিজের নিয়মে, নির্ধারিত সময়ের কোটা শেষ। সুতরাং আর তাড়াহুড়ো করে লাভ নেই, এই শহরে কেউ কোনো এপয়ন্টমেন্ট রাখতে পারবে না এটাই বোধ হয় বাস্তবতা।
স্টেশনে পৌঁছে আমাকে ফোন দিবেন, আর সাথে দুইটা প্লাটফর্ম টিকেট কাটবেন,একটা আপনার জন্য একটা আমার জন্য। ঘটনা আছে , দেখা হলে বলবো।
যদিও কমলাপুর রেলস্টেশনে আমার মতো কতিপয় বেকুব ছাড়া আর কেউ প্লাটফর্ম টিকেট কেনে বলে মনে হয় না। এমন কি প্লাটফর্মে চলাচল করবার সময়েও কেউ জিজ্ঞাসা করে না আপনার টিকেট আছে কি না। তবুও এটাই অদ্ভুত একটা রীতি হয়ে গেছে আমার। কিংবা বদভ্যাস। স্টেশনে পৌঁছানোর পর প্লাটফর্ম টিকেটের দাম জিজ্ঞাসা করলাম, এখনও বদলায় নি প্লাটফর্ম টিকেটের দাম, মনে হয় গত ১০ বছর ধরেই সেটা ২ টাকায় স্থির আছে। আমার হাতে দুটো প্লাটফর্ম টিকেট এবং সেটা নিয়ে অবলীলায় প্লাটফর্মে গার্ডের সামনে দিয়ে ঢুকে পড়তে পারলাম, কেউ কোনো প্রশ্নও জিজ্ঞাসা করলো না।
ঢুকেই তার সাথে দেখা হলো।
বুঝলেন ভাই একটা ঝামেলা হয়ে গেছে, স্টেশন ম্যানেজারকে খুঁজে বের করতে হবে।
ট্রেনের টিকেট পাওয়া মুশকিল, ঢাকার চাকচিক্য সবাইকে আকৃষ্ট করছে, সুতরাং দুরদুরান্ত থেকে মানুষ ঢাকায় আসে ঈদের পোশাক কিনতে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, তাই মানুষ এখন আর নিজের জেলা শহরে মার্কেটিং করে নিজের আভিজাত্য ধরে রাখতে পারে না, তাকে ছুটে আসতে হয় বসুন্ধরা মার্কেটে নইলে এলিফ্যান্ট রোডে, গাউসিয়া আর বেইলি রোডে মানুষ আসে ঈদের কেনাকাটা করতে,
সুতরাং এই ঈদের মৌসুমে ট্রেনে বাড়তি ভীড়, টিকেট পাওয়া যায় নি, টিকেট চেকারকে বললাম আমার টিকেটটা ঢাকা পর্যন্ত করে দিতে হবে।
ঐ ব্যাটা বললো ঠিক আছে করে দেওয়া যাবে , সমস্যা নাই। কিন্তু জরিমানা দিতে হবে।
এইখান থেকে ঢাকার ভাড়া ৩৫ টাকা, আর জরিমানা ৩৫ টাকা, ৭০ টাকা দিতে হবে।
তো ৭০ টাকা দেওয়াটা সমস্যা না, আপনাকে ডকুমেন্ট দিতে হবে।
ডকুমেন্টের দরকার নাই, আপনাকে স্টেশন পার করে দিবো।
আমার তো ভাই ডকুমেন্ট দরকার। তো টিটি এবং অন্যান্য কর্মচারীরা সেই উধাও হয়েছে, গত ২ ঘন্টায় তাদের টিকি দেখা যায় নি। এখন স্টেশনে বসে আছি।
স্টেশন ম্যানেজারের রুমে ঢুকলাম, বেশ বড় একটা ঘর, ঘরের ভেতরে অসংখ্য বসার জায়গা, এবং স্টেশন মাস্টার ঢিলেঢালা ভাবে বসে গল্প করছে, তার সামনের টেবিলে একা টেলিফোন, তার পাশে নিঃসঙ্গ টাইমটেবল, এবং পাশে তার অধঃস্তনেরা বসা, যারা বসের চরম আনুগত।
বস হাসছে যখন তখন অবধারিত ভাবেই তাদের ঠোঁট প্রসারিত হচ্ছে এবং বস যখনই কথা বলছে তখনই সেটা সঠিক নিয়মেই বন্ধ হয়ে যাচ্ছে। এই চাটুকারপরিবেষ্ঠিত স্টেশন মাস্টারের অবস্থান কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেনী এবং দ্বীতিয় শ্রেণীর গেটের মাঝামাঝি। তার সামনে সাদা পোশাকে একজন বসা, ৩টা চেয়ারে তিন জন বলে খোশগল্প করছে এবং আমরা একটা অভিযোগ নিয়ে অপেক্ষা করছি মহাত্মনের কখন আমাদের দিকে নেকনজর পড়বে।
সামনে হাত-পা ছুড়েও লাভ নেই, এইসব সরকারী কর্মচারীদের নিজেদের আভিজাত্যজ্ঞান প্রখর, তারা এখনও সাধারণ মানুষদের প্রজা ভেবেই অভ্যস্ত। সুতরাং প্রজাবত উপেক্ষাও আমাদের মেনে নিতে হবে। তার অবশেষে অনুগ্রহ হলো। আপনারা.....
আমার একটা অভিযোগ ছিলো, আপনাদের টিটি সম্পর্কে-
কি হয়েছে, নিতান্ত অবহেলায় তিনি জানতে চাইলেন।
আমি এসেছিলাম সকালের ট্রেনে, তো ঢাকা পর্যন্ত টিকেট পাই নি। আমি টিটিকে অবহিত করলাম, টিটি বললো তিনি টিকেট করে দিবেন........
কিন্তু আপনি যেমন অপরাধ করেছেন, সেও তেমন অপরাধ করেছে, আপনার তো উচিত হয় নি তার কাছে টিকেট চাওয়া.......
একজন সাধারণ মানুষ জানবে কিভাবে চলন্ত ট্রেনে কার কাছে টিকেট চাওয়া উচিত, কার কাছে টিকেটের মূল্য পরিশোধ করা উচিত, সবাই একই রকম সাদা উর্দি পড়ে ঘুরছে.....
আপনি তাকে ধরে নিয়ে আসেন, আমি তো তাকে চিনবো না। আপনার অভিযোগ.....
বাংলাদেশের আমলাতন্ত্র সবসময়ই মানুষকে অভিযোগবিমুখ রাখতে চায়, তাদের এত বেশী নিয়মাবলী এবং প্রটোকল থাকে, সেটা মেনে যথাযথ উপায়ে কতৃপক্ষেকে নালিশ করবার উৎসাহ সচারচর ভুক্তভোগীদের থাকে না। এমন ভোক্তাবিরুদ্ধ সেবাপ্রতিষ্ঠান সম্ভবত অন্য কোথাও পাওয়া যাবে না।
সুতরাং আমরা স্টেশন থেকে বুক চিতিয়ে বের হলাম, এবং আমাদের আবারও কোনো টিকেটচেকার থামালো না স্টেশনের গেটে। অবশ্য এখন তারা এমনই নির্বিকার আচরণ করবে, তাদের কর্মতৎপরতা বাড়ে ২৫শে রমজান থেকে শাওয়ালের প্রথম ৭ দিন, যেসময় মানুষ ঢাকা ছেড়ে যায় এবং ঢাকায় আসে, এই সম্পূর্ন সময়টাতে তাদের কর্মতৎপরতা মুগ্ধ হয়ে দেখবার মতো।
কিছু একটা খেতে হবে, ঘড়িতে তখন ৩টা ১৫। অবশ্য অতিশয় ভদ্রতাবোধ সম্পন্ন মানুষটা ঠিক নিজের জন্য অন্য কাউকে বিব্রত করতে চায় না। তাকে জোর করেই একটা হোটেলে ঢুকালাম। সেখানে বেয়ারার বিরক্তি চরম।
রমজানের ছাপ পড়েছে, সামান্য কিছুতেই ক্ষিপ্ত হয়ে যাওয়া ক্ষুধার্ত মানুষদের অসংযম বেড়ে যাওয়ার কোনো কারণ নেই। তাকে বললাম ভাই একটা গ্লাসের পানি ফেলে দিয়ে শুধু গ্লাসটা নিয়ে আসো।
এই গ্লাসের সমস্যা কি?
কোনো সমস্যা নাই, এই পানি খাবো না, তুমি পানি ফেলে গ্লাসটা নিয়ে আসো।
তার বিরক্ত চেহারা উপেক্ষা করতে হচ্ছে। গ্লাসটা ধরলো মুখে কাছে, ধরে নিয়ে যাওয়ার সময় তাকে বলা হলো, ভাই এইভাবে ধরলে কি লাভ হবে, যাও গ্লাসটা ধুয়ে নিয় আসো।
অন্য কোনো কাস্টমারের সমস্যা হয় না, এইভাবে আপনিই বলেন সমস্যা কি, আমিতো ভিতরে আঙ্গুল ঢুকায়া ধরতেছি না।
ভাইরে তোরে কিছু বুঝতে হবে না, তুই গিয়া পানিটা ফেইল্যা দিয়া আয়, তাইলেই আমি খুশী।
খাওয়ার মাঝেই বললাম কি দরকারে এসেছেন।
একটু ডাক্তার দেখাতে হবে আর একটা সামান্য কাজ ছিলো মোহাম্মদপুরে।
ব্যাগ খুলে একটা পেপার কাটিং দেখালো।
আমিও সেটা নিয়ে অলস চোখ বুলালাম মাত্র-
মোহাম্মদপুরের কোনো একটা শিশুসদনের ২৬ জন শিশুর ঈদের পোশাক নেই, তারা ঈদের পোশাকের আব্দার করেছে।
আমার কাছে সংবাদটা তেমন আবেদন তৈরি করে না। কিংবা আমার পরিচিত মহলেও এই সংবাদের তেমন গুরুত্ব নেই। যে মহিলা হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে বসুন্ধরার সামনের কালো ট্যাক্সিক্যাব চাললকে হুঙ্কার দিয়ে বললে জুতা দিয়ে বাড়ি দিয়ে তোমার মুখে ভেঙে ফেলবো, হারামজাদা কোথাকার ভাড়া বেশী চাও কেনো?
তার হাতে যেসব ব্যাগ, সেসব ব্যাগে যেসব জিনিষ আছে সেসবের দাম নিয়ে তার চিন্তা নেই। এটাও যে এক ধরণের অপচয়, পরবের দিনে ৫০০০ টাকা দিয়ে পোশাক কেনার প্রয়োজন নেই, প্রয়োজন নেই ১২০০ টাকার ব্যাগের, প্রয়োজন নেই ২৫০০ টাকার জুতার। এমন কি একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পড়ে ঘুরবার জন্য ২৮০০ টাকা দিয়ে কোনো পাঞ্জাবী কেনার প্রয়োজন নেই, কিন্তু ঈদের উৎসবে আমাদের অনেক রকম বাহ্যিক আয়োজন থাকে। আমরা এই দিনটাকে উদযাপন করতে চাই, বিভিন্ন ভাবে, একটু বাড়তি সুতার কাজের জন্য যেখানে আমি অবলীলায় দুই পাঁচশো টাকা বাড়তি দাম দিয়ে দিতে পারি, সেই আমিই রিকশা এবং ক্যাবের ভাড়া নিয়ে চরম হিসেবী। আমাদের সেইসব সময়ে বাড়তি ১টাকাও অনেক বেশী অপচয় মনে হয়। মনে হয় এই বাড়তি টাকাটা কেউ আমার চামড়া কেটে নিলো।
হাতে ইফতার ভর্তি ঝোলা এবং সামনে প্রায় শুকিয়ে মৃতপ্রায় মানুষ, এবং এইসব মানুষের আবর্জনা সরিয়ে সন্তর্পনে নিজের গাড়ীতে চেপে বসা মানুষদের দেখে আমার খুব বেশী অসস্তি লাগে না। বরং এইসব মানুষ আমার পরিচিত। এইসব মানুষকেই স্বাভাবিক মানুষ মনে হয়।
আপনি মনে হয় ঠিক মতো পড়েন নাই, আবার পড়েন।
আমি পুনরায় সংবাদটা পড়লাম, মোহাম্মদপুরে দুর্জয় শিশু সদন নিয়ে একটা প্রতিবেদন ছাপা হয়েছে প্রথম আলোতে,
Click This Link
ওদের ঈদের জামা নেই
বুঝলেন ভাই, সংবাদটা পড়বার পর চোখে পানি চলে আসলো। এইসব শিশুদের ঈদের আনন্দ নেই। আপনি হয়তো ভাববেন এই পাগলটা কি বলে, কিন্তু বিশ্বাস করেন ভাই, মনটা হু হু করে উঠলো একেবারে,
আমি তো থাকি অজ পাড়া গাঁয়ে, সারাদিন ঘুরলাম ডেস্কটপটা বেচে দিবো বলে, কিন্তু কাস্টমার পাই না। বুঝলেন না ঈদের সময়, সবাই ঈদের কেনাকাটা করতেছে........
তো একজনকে পাইলাম , ও টাকা দিলো, ঐ টাকা নিয়ে আসছি, ওদের ঈদের জামা কিনে দিবো।
এইসব সময়ে তেমন বেশী কিছু বলা যায় না। আমি তার অবস্থা জানি, শুধু প্রশ্নবোধক চোখে তাকিয়ে থাকি তার দিকে।
আমি জানি এই ঈদে আমি আমার ছেলে মেয়েদের কিছু কিনে দিতে পারবো না, কিন্তু ২৬টা শিশুতো ঈদের আনন্দ পাবে, আমি জানি না দেরী হয়ে গেলো কি না, হতে পারে গিয়ে দেখবো অন্য কেউ আমার আগে এই কাজ করে গেছে।
আমি বরং অবিশ্বাসে মাথা নাড়াই। এই নিরাবেগ শহরে কার এমন ঠেকা পড়ছে পেপার পড়ে আবেগাপ্লুত হয়ে ঈদের জাম কিনতে ছুটবে।
না রে ভাই এমন পাগলের অভাব নাই।
আমি চুপচাপ বসে থাকি। আমাদের ভেতরে বাক্যবাগীশের অভাব নেই। আমরা অনেক স্থুল বিষয়ে ঘন্টার পর ঘন্টা সুক্ষ্ণ বিতর্ক কিংবা বিতন্ডা করি, কার বাকস্বাধীনতা থাকা উচিত, কার বাকস্বাধীনতা হরণ করা প্রয়োজন কে কতটুকু উচ্চস্বরে কথা বলতে পারবে, কার কণ্ঠরোধ করা প্রয়োজন , এইসব নিয়ে আমাদের তথাকথিত আবেগের শেষ নেই। আমরা সবাই নিতান্ত নিস্পৃহ ভাবেই এইসব ফাতরামি করি প্রতিদিন।
আমাদের অভাব নেই, আমাদের বিলাসিতায় টান পড়ে না, আমরা ঘন্টার পর ঘন্টা প্রায় প্রার্থনার মতো কে কোন রাজনৈতিক দলের অনুসারী, কার রাজনৈতিক আদর্শ ঠিক কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি এটা নিয়ে গবেষণার ব্যস্ত সময় কাটাই। আমাদের এইসব বিনোদন আমাদের কল্পলোকে আবেগী দেশপ্রেমিক একটা পরিচিতি দিলেও আমাদের নিজেদের ভেতরে আবেগের পরিমান কম।
আমি কিঞ্চিৎ অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকি মানুষটার দিকে, একটা সংবাদ পড়ে কেউ নিজের ডেস্কটপ বেচে ঢাকায় চলে আসতে পারে এমন কোনো একটা উদ্যোগ নিয়ে, এমনটা অবিশ্বাস্য মনে হয়। আমরা উনমানুষেরা নিজেদের স্বার্থচিন্তায় নিয়মিত ব্যস্ত, এবং অবসর সময়ে আমরা অন্যের পাছায় আঙ্গুল ঢুকিয়ে তার গুয়ের গন্ধ শুঁকে নেশা করি, কার মেয়েমানুষের দোষ আছে, কার নেশার দোষ আছে এইসব নিয়ে বিস্তর গবেষণা করি।
আমাদের নিজেদের ভেতরে আবেগের নদী নেই, বরং খটখটে শুকনো চোখে আমরা নির্বিকার মানবিকতার মৃত্যু দেখতে পারি, এমন কি নিয়মিত অভ্যাসে এটা উপভোগ্য দৃশ্য হয়ে উঠেছে আমাদের কাছে। আমরা এখন অমানবিকতা উপভোগ করি, উৎসাহ দেই এবং এটাকে নিয়মিত পরিচর্যা করি।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



